প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির মডেল ‘জনগণের ক্ষমতায়ন’ জাতিসংঘে সর্বসম্মতভাবে গৃহীত হওয়ায় গতকাল রবিবার রাজধানীতে আনন্দ শোভাযাত্রা বের করে যুবলীগ। আনন্দ শোভাযাত্রা থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। ঢাকা মহানগরীর শতাধিক ওয়ার্ড থেকে যুবলীগের মিছিল এসে মিশেছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে আনন্দ শোভাযাত্রাটি ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শেষ হয়।
বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, গত ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির মডেল ‘জনগণের ক্ষমতায়ন’ জাতিসংঘে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। শেখ হাসিনার এই জনগণের ক্ষমতায়নের সঠিক বাস্তবায়নের মাধ্যমে বিশ্বে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের শান্তিকামী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, এটি শুধু আমাদের নয় এটি জনগণের বিজয়। এই মডেলে যা আছে তা আমাদের দেশে দিন বদলের সনদের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলের অটিজম বিষয়ক প্রস্তাব জাতিসংঘে গৃহীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে দীপু মনি বলেন, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার পরিবার দেশের জন্য শুধু দুর্নাম এনেছেন। জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেন, নিজেদের আখের গুছিয়েছেন। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার দেশের জন্য সুনাম বয়ে আনছেন।
দীপু মনি বলেন, বর্তমান সরকার নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ করতে সক্ষম হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহত হয়েছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে। যারা এ বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে সকলকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার জনগণের দাবি। এ বিচার হবেই।
যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন, মাহাবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, মঞ্জুর আলম শাহীন, মামুনুর রশীদ, সুব্রত পাল, নাসরিন জাহান চৌধুরী শেফালী, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহামুদ, আমির হোসেন গাজী, বদিউল আলম, ফারুক হাসান তুহিন, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম আরিফ প্রমুখ। বাদ্যের তালে তালে নেচে গেয়ে উল্লসিত যুবকদের আনন্দ শোভাযাত্রায় সুসজ্জিত ঘোড়ার গাড়ি, বিশাল জাতীয় পতাকা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলের ছবি সাধারণ মানুষের বাড়তি মনোযোগ আকর্ষণ করে।
