রাজশাহীতে ফুটপাত ও রাস্তার পাশের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রবিবার সন্ধ্যা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযানে আওয়ামী লীগের দুইটি এবং বিএনপির একটি অফিসসহ শতাধিক স্থাপনা ভাঙা পড়েছে। অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
রাসিক সূত্র জানায়, রবিবার বেলা ১১টায় বিসিক ম্যাচ ফ্যাক্টরির মোড় থেকে ১০ দিনের অভিযান শুরু হয়। এরপর পুরো বিসিকি এলাকা হয়ে মথুরগাঙ্গা ঘুরে পুনরায় ম্যাচ ফ্যাক্টরির মোড়ে এসে অভিযান শেষ হয়। অভিযান চলাকালে ৫৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় দুই লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে।
এ ব্যাপারে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছেন রাজশাহীবাসী।
আরও পড়ুন: নড়াইলে সেই ৪ চিকিৎসক ওএসডি
অন্যদিকে রাসিকের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ফুটপাত ও রাস্তার পাশে চাকাওয়ালা ভ্যানের ওপর ব্যবসায়ীরা বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ব্যবসা করতে পারবেন। তবে কোনো ব্যবসায়ী ফুটপাত বা রাস্তায় স্থায়ীভাবে ব্যবসার মালামাল/সরঞ্জাম রাখতে পারবেন না। রাত সাড়ে ১০টার পর ভ্যানের দোকান সরিয়ে নিয়ে যেতে হবে।
ইত্তেফাক/অনি
