দিনাজপুরে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেফতার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:০৮
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বুজরুক হরিনা ইসলামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে গত রবিবার ঐ মাদ্রাসার সুপার রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ২০০৩ সালে বুজরুক হরিনা ইসলামিয়া মাদ্রাসার কম্পিউটার শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষিকা পদে ঐ শিক্ষিকা যোগদান করেন। মাদ্রাসায় যোগদানের পর থেকেই সুপার রফিকুল ইসলাম ঐ শিক্ষিকাকে বিভিন্নভাবে কুপ্রস্তাবসহ উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে স্বামীকে তালাক দিয়ে সুপারকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু ঐ শিক্ষিকাকে কোনভাবেই রাজি করাতে না পেরে সুপার তাকে চারবার সাময়িক বরখাস্ত করেন। হয়রানির শিকার ঐ শিক্ষিকা বলেন, চলতি বছরের ১৭ অক্টোবর মাদ্রাসার কম্পিউটার ল্যাবে কাজ করার সময় তাকে চাকরিচ্যুতির হুমকি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলাসহ ১০টি অশ্লীল শর্ত দেন সুপার রফিকুল ইসলাম। শর্ত পূরণে ব্যর্থ হলে মাদ্রাসা থেকে বরখাস্ত করারও হুমকি দেন। বিষয়টি মাদ্রাসা পরিচালনা কমিটিকে একাধিকবার অবহিত করার পরও কমিটি কোন পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়ে গত ৯ নভেম্বর রফিকুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ঐ শিক্ষিকা। যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে মাদ্রাসা সুপার রফিকুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ফাঁসানো হয়েছে।