শুরু হলো বিসিএস ডিজিটাল আইসিটি ওয়ার্ল্ড

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ১৯:৩৮
‘দিন বদলের দীক্ষা, প্রযুক্তি আর শিক্ষা’ স্লোগানে শুরু হলো বাংলাদেশে কম্পিউটা সমিতি (বিসিএস) আয়োজিত প্রযুক্তি পণ্য ও সেবার প্রদর্শনী আয়োজন বিসিএস ডিজিটাল আইসিটি ওয়ার্ল্ড ২০১২। গতকাল সকালে রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে উদ্বোধন হয় পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রাক্তন সভাপতি এবং বর্তমান পরিচালক মোস্তাফা জব্বার, প্রদর্শনীর প্লাটিনাম স্পন্সর ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কেএস তাবরেজ, মেলার আহ্বায়ক ও বাংলাদেশে কম্পিউটার সমিতির মহাসচিব মো. শাহিদ-উল-মুনীর এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজউল্যাহ খান। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তথ্যপ্রযুক্তি খাতে সরকারের আগ্রহের কথা উল্লেখ করেন এবং সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান। তার বক্তব্যে তিনি বলেন, ‘দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপন এখন সময়ের ব্যাপার। তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক চালু করার বিষয়টি এতদিনেও সম্পন্ন না হলেও ইতোমধ্যেই টেলিকম অপারেটরগুলোর সাথে আমাদের আলোচনা ইতিবাচক দিকে এগিয়ে গেছে। আশা করা যায় নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসে না হলেও ফেব্রুয়ারি মাসের দিকে আমরা তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক চালু করতে পারব।’ আইসিটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগের কথাও জানান মন্ত্রী। তিনি তরুণদের তথ্যপ্রযুক্তি খাতে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে মোস্তাফা জব্বার অবিলম্বে থ্রিজি নেটওয়ার্ক চালু এবং ভূমি ব্যবস্থার ডিজিটাইজেশনের দিকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন। অন্যান্য বক্তারাও তথ্যপ্রযুক্তি খাতের সাথে সংশ্লিষ্টতার কথা জানান। মেলা আয়োজক সূত্রে জানা যায়, প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ৫২টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাকছে ৯০টি স্টল এবং ১৫টি প্যাভিলিয়ন। মেলা উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। পণ্য প্রদর্শন ও বিক্রি ছাড়াও মেলায় রয়েছে চারটি সেমিনার, এক্সক্লুসিভ ওয়েব ফেয়ার, ফ্রি ইন্টারনেট, ডিজিটাল চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, র্যাফেল ড্র, প্রভৃতি বৈচিত্র্যময় আয়োজন।