সময়ের সেরা প্রযুক্তি পণ্য হিসেবে স্মার্টফোন আর ট্যাবলেট পিসি জায়গা করে নিয়েছে মানুষের হাতে হাতে। এসবের মধ্যে আবার স্মার্টফোন আর ট্যাবলেট পিসিতে শীর্ষস্থান দখল করে নিয়েছে অ্যানড্রয়েড। স্মার্টফোনের বাজারের প্রায় তিন-চতুর্থাংশই দখল করে নিয়েছে তারা। এসব অ্যানড্রয়েড ডিভাইসের জন্য তৈরি হয়েছে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন। বছর জুড়েই এসব অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা। এসব অ্যানড্রয়েড ডিভাইসগুলোর জন্য বছরের সেরা অ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে জানানো হলো এই লেখায়।
গুগল ক্রোম
স্মার্টফোন আর ট্যাবলেট পিসির মাধ্যমে যে কাজগুলো সবচেয়ে বেশি করা হয়ে থাকে, তার মধ্যে শীর্ষে রয়েছে ইন্টারনেটের ব্যবহার। তাই এসব ডিভাইসের জন্য ভালো মানের ওয়েব ব্রাউজারের বিকল্প নেই। অ্যানড্রয়েডের জন্য তৈরি বিভিন্ন ওয়েব ব্রাউজারের মধ্যে এ বছরে তৈরি হয়েছে গুগল’র নিজস্ব ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের অ্যানড্রয়েড সংস্করণ। ডেস্কটপে ক্রোম যেমন খুব সহজেই অপারেট করা যায়, তেমনি অ্যানড্রয়েড ডিভাইসেও ক্রোম ব্রাউজারটি খুব পরিচ্ছন্ন ইন্টারফেস নিয়ে তৈরি হয়েছে। ওয়েব ব্রাউজিংয়ে অ্যানড্রয়েড ডিভাইসের জন্য সেরা একটি ব্রাউজার এই ক্রোম ব্রাউজার।
গুগল ড্রাইভ
এ বছরে গুগল চালু করেছে তাদের নিজস্ব অনলাইন স্টোরেজ সার্ভিস গুগল ড্রাইভ। ড্রপবক্স, সুগারসিংক বা অন্যান্য অনলাইন স্টোরেজের চাইতে অনেক বেশি সুবিধা নিয়ে এসেছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের জন্য অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশনটি এই সার্ভিসটিকে খুব সহজেই ব্যবহার করার সুযোগ করে দিয়েছে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই গুগল ড্রাইভের সব ডক্যুমেন্ট সিনক্রোনাইজ করা যাবে সব ডিভাইসের সাথে।
গুগল নাউ
গুগল সার্চের একটি আধুনিক সংস্করণ বলা যায় গুগল নাউকে। এর জন্য স্ট্যান্ডঅ্যালোন কোনো অ্যাপ্লিকেশন না থাকলেও অ্যানড্রয়েড ৪.১ বা তার পরের সংস্করণগুলোতে বিল্ট-ইন হিসেবে যুক্ত করা হয়েছে এই সার্ভিসটি। অ্যাপল’র সিরি অ্যাপ্লিকেশনের চাইতেও এটি বেশি সুবিধাসম্পন্ন বলেই রায় দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা। সার্চ কিওয়ার্ড থেকে এটি আপনাকে সবচেয়ে বেশি সংশ্লিষ্ট তথ্যগুলোর লিংক খুঁজে বের করে দিতে পারে সহজেই।
১ওয়েদার
অ্যানড্রয়েড ডিভাইসের জন্য রয়েছে বিভিন্ন ধরনের আবহাওয়া সংক্রান্ত অ্যাপ্লিকেশন। তবে সবগুলোকে ছাপিয়ে গেছে ১ওয়েদার নামক অ্যাপ্লিকেশনটি। খুব চমত্কার এবং আকর্ষণীয় ইন্টারফেসের এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আবহাওয়ার সব ধরনের তথ্য মিলবে সবসময়। তথ্যগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করার সুবিধাও রয়েছে।
ইন্সট্যাগ্রাম
ছবি শেয়ারিংয়ের জন্য ইন্সট্যাগ্রাম বিশ্বব্যাপী অন্যতম বহুল ব্যবহূত একটি অ্যাপ্লিকেশন। চলতি বছরে অ্যানড্রয়েডেও যাত্রা শুরু করে সাড়া জাগানো সার্ভিসটি। এর মাধ্যমে বৈচিত্র্যময় সব ফিল্টার ব্যবহার করা যায় ছবিতে এবং মুহূর্তের মধ্যে ছবি শেয়ার করা যায় যেকোনো মাধ্যমে। অ্যানড্রয়েডেও এটি বহুল ব্যবহূত অ্যাপ্লিকেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে।
অনলাইভ ডেস্কটপ
যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমেই অভ্যস্ত এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছাড়া অন্য কিছু ব্যবহারে রাজি নন, তাদের জন্য রয়েছে অনলাইভ ডেস্কটপের অ্যানড্রয়েড সংস্করণ। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার অ্যানড্রয়েডকে রূপান্তরিত করতে পারবেন উইন্ডোজ ইন্টারফেসে। টাচ-ফ্রেন্ডলি ক্লাউড সমর্থিত এই অ্যাপ্লিকেশনটিতে মাইক্রোসফট অফিস এবং অ্যাডোবি রিডারও অন্তর্ভুক্ত রয়েছে।
ইন্সটাপেপার, পকেট, রিডেবিলিটি
ইন্সটাপেপার, পকেট এবং রিডেবিলিটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সংবাদ সংগ্রহ করে রেখে পরে পড়ার সুযোগ রয়েছে। এটি সাধারণ বুকমার্ক সার্ভিসের চাইতেও অনেক বৈচিত্র্যময় সুবিধা প্রদান করে। এই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে শুধু টেক্সট আকারে যেমন আর্টিকেল সংরক্ষণ করা যায়, তেমনি কেবল ইমেজকেও আলাদা করে সংরক্ষণ করে রাখা যায়। তিনটি অ্যাপ্লিকেশনের যেকোনো একটিই হতে পারে আপনার পছন্দের।
ট্যাবলেট এসএমএস
যারা প্রচুর পরিমাণে এসএমএস পাঠিয়ে থাকেন, তাদের জন্যই রয়েছে ট্যাবলেট এসএমএস। ট্যাবলেট ব্যবহারের সময় নিশ্চয়ই আপনি চাইবেন না বারবার আপনার ফোনটি হাতে নিয়ে এসএমএস করতে। ট্যাবলেট পিসি থেকে আপনার ফোন নম্বরটি ব্যবহার করেই এসএমএস করার সুবিধা দেবে ট্যাবলেট এসএমএস অ্যাপ্লিকেশনটি। এতে এসএমএস রিসিভও করতে পারবেন আপনি।
ওয়েভ কন্ট্রোল
হাত বা শরীরের অঙ্গপ্রত্যঙ্গ নড়াচড়ার মাধ্যমে ডিভাইস নিয়ন্ত্রণ এখন আর নতুন কিছু নয়। আপনার অ্যানড্রয়েড ডিভাইসটিকেও তেমনি হাতের ইশারায় চালানোর জন্য রয়েছে ওয়েভ কন্ট্রোল অ্যাপ্লিকেশনটি। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনার অ্যানড্রয়েড ফোনটি স্পর্শ না করেই গান চালাতে পারবেন অথবা গান পরিবর্তন করতে পারবেন।
