হাটহাজারীতে ব্রিজ ভেঙ্গে তেলবাহী ট্রেন খালে

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৯:৪২

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১১ মাইল এলাকায় ফার্নেস অয়েল বহনকারী একটি ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে ব্রিজে থেকে খালে পড়ে গেছে। এতে একটি বগিতে থাকা তেল গড়িয়ে পড়েছে নদীতে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার বিকাল ৩টায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামের বটতলী স্টেশন থেকে ফার্নেস অয়েল বহনকারী সাতটি ওয়াগন হাটহাজারীর একশ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের জন্য নেওয়া হচ্ছিল। 

হাটহাজারীর ১১ মাইল এলাকায় একশ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি পৌঁছলে তিনটি ওয়াগন লাইনচ্যুত হয় এবং ব্রিজ ভেঙ্গে নিচে পড়ে যায়। এতে রেলের ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়।

রেলওয়ে সূত্র জানায়,  তিনটি ওয়াগনে ২৫ টন করে মোট ৭৫ টন তেল ছিল। এর মধ্যে একটি ওয়াগন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ওয়াগনের তেল হালদা নদীতে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। বাকি দুইটি ওয়াগন থেকে তেল পড়েনি। ফায়ার সার্ভিসের সহায়তায় রেল কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

আরও পড়ুন: ভাঙ্গছে বগুড়া জেলা বিএনপি

এদিকে তেল যাতে হালদায় প্রবেশ করতে না পারে সেজন্য বন্দর কর্তৃপক্ষ একটি বে-ক্লিনার ঘটনাস্থলে পাঠিয়েছে। অন্যদিকে খালের উপর স্থানীয় প্রশাসন মাটির বাঁধ দিয়ে তেল ঠেকানোর চেষ্টা করছে বলে জানা গেছে। 

ইত্তেফাক/অনি