অবশেষে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কলেজে রূপান্তর হতে যাচ্ছে। উল্লেখ্য, এ বিদ্যালয়টিকে মহিলা কলেজে উন্নীতকরণের দাবি গণদাবিতে পরিণত হয়েছিল। পৌর শহরের প্রাণকেন্দ্রে ১৯৭৭ সালে বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি উপজেলায় পরীক্ষার ফলাফলে ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে। গৌরবোজ্জ্বল এ বিদ্যালয়টিকে কলেজে রূপান্তরের স্বপ্নদ্রষ্টা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সমকাল সম্পাদক গোলাম সারওয়ার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যান। এরই প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল ইসলাম মনি বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রদানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে ডিও লেটার দেন। সমপ্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস.এম আনছারুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড.বিমল কৃষ্ণ মজুমদারকে এ ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন। বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক আবুল বাশার জানান, ওই নির্দেশনার আলোকে বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করে বিগত কয়েক বছরের জেএসসি, এসএসসি পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীর সংখ্যা ও ভৌত অবকাঠামোসহ সার্বিক বিষয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর মন্ত্রণালয় এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
এ প্রসঙ্গে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. বিমল কৃষ্ণ মজুমদার বলেন, বানারীপাড়ায় যেহেতু মহিলা কলেজ নেই সেহেতু নারী শিক্ষার উন্নয়নে এ উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা খুবই প্রয়োজন। এ ব্যাপারে তিনি বিধি মোতাবেক সার্বিক সহযোগিতা করার কথা জানান। প্রসঙ্গত বর্তমান সরকার আমলে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় ১০/১২টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে।
