চব্বিশ ঘন্টার ব্যবধানে বরিশালের তিন উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২২:০২
ব্যাপক উত্সাহ-উদ্দীপনা ও উত্সবমুখর পরিবেশের মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছর পর বরিশালের আগৈলঝাড়া ও ১৬ বছর পর গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সোমবার আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা আ’লীগের কাউন্সিল শেষে রাতেই নতুন নেতৃত্বের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি। উভয় উপজেলার কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে গৌরনদী উপজেলা আ’লীগের সভাপতি হিসেবে এইচ.এম জয়নাল আবেদীন হাওলাদার ও সাধারণ সম্পাদক হিসেবে পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছ, গৌরনদী পৌর আ’লীগের সভাপতি হিসেবে গোলাম মনির মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে মো. কবির হোসেন খান নির্বাচিত হয়েছেন। অপরদিকে আগৈলঝাড়া উপজেলা আ’লীগের সভাপতি হিসেবে মো. ইউসুফ হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক হিসেবে যতীন্দ্রনাথ মিস্ত্রি নির্বাচিত হয়েছেন। উভয় উপজেলার কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, বরিশাল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার ডিসেম্বর বরিশাল জেলা ও মহানগর আ’লীগের সম্মেলন উপলক্ষে তড়িঘড়ি করে এ দু’উপজেলা ও পৌর আ’লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।