অস্ট্রেলিয়ায় দাবানলে ঘরছাড়া হাজারো মানুষ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২০:১৮
অস্ট্রেলীয় দ্বীপ তাসমানিয়ায় দাবানলে হাজার হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে। অন্ততপক্ষে ৮০টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তাসমানিয়ার অগ্নিনির্বাপক সংস্থার মুখপাত্র জন হলওয়ের শনিবার এ খবর জানিয়েছে। দাবানলের কারণে অনেকে তাসমান উপদ্বীপের সমুদ্রতীরে আশ্রয় নিয়েছে। সেখান থেকে নৌকায় করে শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। অগ্নিনির্বাপক কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য লড়াই করছে। এখানকার প্রাদেশিক রাজধানী হোবার্টে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ধারণ করা হয়েছে। এ ঘটনায় একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। দাবানল ছাড়াও দ্বীপটিতে উচ্চ তাপমাত্রার কারণে পৃথক ৪০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ায় দাবানল একটি নৈমিত্তিক ঘটনা। ২০০৯ সালে প্রত্যন্ত ভিক্টোরিয়া প্রদেশে দাবানলের ঘটনায় ১৭০ জন নিহত ও দুই হাজার বাড়ি-ঘর ধ্বংস হয়।