দৈনন্দিন জীবনে আমাদের প্রযুক্তির উপরে নির্ভরতা বেড়েই চলেছে। আর তার প্রেক্ষিতেই গবেষকরাও নানা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারকে নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় এবারে পোশাক নির্বাচনের জন্য স্মার্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে মাঠে নেমেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সের গবেষকরা। তারা এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করছেন, যেটি কি না স্মার্টফোন ব্যবহারকারীকে তার বিভিন্ন উপলক্ষের জন্য পোশাক পছন্দ করে নিতে সহায়তা করবে। এখনও পর্যন্ত ল্যাব প্রজেক্ট হিসেবেই থাকা অ্যাপ্লিকেশনটি অবশ্য ইতোমধ্যেই ব্যবহারোপযোগী হয়ে উঠেছে বলে জানিয়েছেন গবেষকরা। সংশ্লিষ্ট গবেষকরা জানিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে কী ধরনের পোশাক পড়তে হবে, তার জন্য নির্দেশনা দিতে পারবে অ্যাপ্লিকেশনটি। দশটি উপলক্ষে এই নির্দেশনা প্রদান করবে এটি। শুধু তাই নয়, অনলাইনে কেনাকাটায় বিভিন্ন পোশাকের মধ্য থেকে উপযুক্ত পোশাকটি বেছে নিতে সহায়তা করবে এটি। পাশাপাশি এখান থেকে পোশাকের ছবি বা ড্রয়িংকে অনলাইনে শেয়ার করার সুবিধাও রয়েছে। ইতোমধ্যেই অ্যামাজন বা ইবে’র মতো অনলাইন শপগুলোর সাথে অ্যাপ্লিকেশনটি নির্মাতাদের ইতিবাচক কথা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।
