মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসাবে নিয়োগ পাচ্ছেন চাক হেগেল

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৯
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসাবে সাবেক রিপাবলিকান সিনেটর চাক হেগেলকে নিয়োগ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা স্থানীয় সময় সোমবার সকালে আসার কথা রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন। ৬৬ বছর বয়স্ক সাবেক এই সিনেটর বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেটার স্থলাভিষিক্ত হবেন। তিনি ১৯৯৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই মেয়াদে নেব্রাস্কার সিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন। গত মাস থেকে তার সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী হওয়ার বিষয়ে মনোনয়নের ক্ষেত্রে কথাবার্তা শোনা যাচ্ছিল। এরপর থেকেই ইসরাইলপন্থি ও সমকামীরা তার প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পথে বিরুদ্ধাচরণ শুরু করে। হেগেল তখন বলেন, ‘ইহুদি লবি’ ওয়াশিংটনের জনগণকে ভয় দেখাচ্ছে। এ কারণে তারা তাকে এ পদে আসতে দিতে চাচ্ছে না। অপরদিকে তাদের বক্তব্য, হেগেল হামাস ও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী। ১৯৯৮ সালে সমকামীদের অধিকার নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো সম্পর্কে এক মন্তব্য করতে গিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে তিনি তার মন্তব্য প্রত্যাহার করে নেন। গত সপ্তাহে এক সাক্ষাত্কারে হেগেলের পক্ষে কথা বলেন ওবামা। তিনি বলেন, এমন কিছু নেই যা হেগেলকে অযোগ্য করে তুলতে পারে।