পশ্চিম তীরের সরকারি নথিপত্রে ‘ফিলিস্তিন রাষ্ট্র’ (স্টেট অব প্যালেস্টাইন) শব্দবন্ধটি ব্যবহারের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বর্তমানে ওই এলাকার অধিবাসীদের পাসপোর্ট, পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কাগজপত্রে ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষ’ (প্যালেস্টানিয়ান অথরিটি) বলে উল্লেখ রয়েছে। ২০১২ সালের নভেম্বরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সাফল্যের সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের অবস্থান ‘পর্যবেক্ষক অঞ্চল’ থেকে ‘পর্যবেক্ষক রাষ্ট্রে’ উন্নীত করতে সক্ষম হন। প্রেসিডেন্ট আব্বাসের জারি করা ডিক্রিটি রবিবার সরকার নিয়ন্ত্রিত ওয়াফা সংবাদ সংস্থায় প্রকাশিত হয়। তাতে বলা হয়, সরকারি কাগজপত্রে এই ঘোষণা এর প্রতিষ্ঠানগুলোকে গড়ে উঠতে এবং এই ভূমির ওপর তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় সহায়ক হবে। গত সপ্তায় প্রেসিডেন্ট আব্বাস পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এর দূতাবাসগুলোকে আনুষ্ঠানিকভাবে ‘স্টেট অব প্যালেস্টাইন’ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। তবে এ ব্যাপারে তাত্ক্ষণিকভাবে ইসরাইলি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
