কাজে যোগ দিয়েছেন হিলারি
মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার চিকিত্সার পরে সোমবার কাজে যোগদান করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ৭ ডিসেম্বর ইউরোপ সফর শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তিনি কর্মস্থল থেকে দূরে ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শীর্ষ এই কূটনীতিক সোমবার সকাল ৯.১৫ মিনিটে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) ওয়াশিংটনে তার সহকারীদের সঙ্গে বৈঠক করবেন। তবে ওই বৈঠকে কোনো সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার থাকবে না। এছাড়াও চলতি সপ্তাহে হিলারি ক্লিনটনের ধারাবাহিক বেশ কয়েকটি বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে। এরমধ্যে মঙ্গলবার হোয়াইট হাউসে প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলনের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। — দ্য ডন
ড্রোন হামলা সার্বভৌমত্ব লঙ্ঘন:ইমরান
পাকিস্তানের ওয়াজিরিস্তানে রবিবার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় বেশ কয়েকজন মানুষ নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইমরান খান। ক্রিকেটার থেকে রাজনীতিকে পরিণত হওয়া ইমরান খান পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান। ইমরান খান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই ড্রোন হামলায় নিহতদের বিস্তারিত পরিচয় জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি ড্রোন হামলাকে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করেছেন। —দ্য ডন
লিপস্টিকে বুদ্ধি কমে
লিপস্টিকে ক্ষতিকারক সীসা থাকায় তা ব্যবহারকারীর বুদ্ধিমত্তা, আচরণ ও শিক্ষণ দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। নমুনা হিসাবে নেয়া ২২টি ব্র্যান্ডের লিপস্টিক এবং লিপ গ্লস পরীক্ষা-নিরীক্ষায় এর ১২টি অর্থাত্, ৫৫ শতাংশেই সীসার উপস্থিতি পাওয়া গেছে। এ সীসা খুব কম মাত্রার হলেও গবেষকরা বলছেন, সামান্য সীসাও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। বোস্টন সীসা বিষক্রিয়া প্রতিরোধ কর্মসূচির চিকিত্সা বিষয়ক পরিচালক ডা. সিন পালফ্রে সতর্ক করে বলেছেন, সামান্য সীসাও জটিল স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে এবং মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষত, অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে লিপস্টিক থেকে অনাগত সন্তানের দেহে সীসার ক্ষতিকর প্রভাব পড়ারও ঝুঁকি আছে। — পিটিআই
চীনে সোয়াইন ফ্লুতে দু’জনের মৃত্যু
চীনের রাজধানী বেইজিংয়ে ‘সোয়াইন ফ্লু’ নামে পরিচিত ‘এইচ১এন১’ ভাইরাস আক্রান্ত হয়ে গত ১০দিনে দুই নারীর মৃত্যু হয়েছে। ২০১০ সালের পর বেইজিংয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এটিই প্রথম।
বেইজিংয়ের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের বরাত দিয়ে সংবাদপত্র বেইজিং ডেইলি রবিবার তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়। গত শুক্রবার ৬৫ বছর বয়সী এক ক্যান্সার রোগীর মৃত্যু হয় এ ভাইরাসে আক্রান্ত হয়ে। এর আগে গত ২৭ ডিসেম্বর ২২ বছর বয়সী এক অভিবাসী শ্রমিকের মৃত্যু হয় একই কারণে।
