আবার শৈত্য প্রবাহের কবলে দেশ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:০৪
মাঝারি থেকে তীব্র মাত্রার আরো একটি শৈত্য প্রবাহের কবলে পড়েছে দেশ। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই শৈত্য প্রবাহ বিস্তৃত হবে এবং দেশের অনেক স্থানেই সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যেতে পারে। অর্থাত্ তীব্র শৈত্য প্রবাহ পরিস্থিতির তৈরি হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। দিনাজপুরে ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। রংপুর ও রাজশাহী বিভাগের সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি পর্যায়ে রয়েছে। ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের তাপমাত্রাও নামতে শুরু করেছে। আবহাওয়া অফিস আরো জানিয়েছে, ডিসেম্বরে দেশের উপর দিয়ে যে শৈত্য প্রবাহটি বয়ে যায় সে সময় সীতাকুন্ডুতে একদিনের জন্য সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। কিন্তু কোন একটি স্থানের তাপমাত্রা অন্তত দুই থেকে তিন দিন একই পর্যায়ে না থাকলে সেটা আমলে নেয়া হয় না। সে জন্য তাত্ত্বিকভাবে ঐ দিন সীতাকুন্ডুতে শৈত্য প্রবাহ তীব্র হলেও সেটাকে তীব্র বলা হয়নি। কিন্তু এবারে এখন পর্যন্ত পরিস্থিতি যা দেখা যাচ্ছে তাতে দেশের অনেক স্থানেই তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা বিভাগের ময়মনসিংহ-টাঙ্গাইল অঞ্চল, সিলেট বিভাগের শ্রীমঙ্গল অঞ্চল, খুলনা বিভাগের চুয়াডাঙ্গা অঞ্চলে ইতিমধ্যে শৈত্য প্রবাহ শুরু হয়েছে। শৈত্য প্রবাহটি শুরু হয়েছে ৫ জানুয়ারি। আজ থেকে আগামীকালের মধ্যে রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চলই এর আওতায় চলে আসবে বলে প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে ধারণা করা হচ্ছে। এবারেও শৈত্য প্রবাহের সঙ্গে ঘন কুয়াশা মানুষকে ভোগাবে। বিশেষ করে নদী অববাহিকায় মধ্যরাত থেকে ঘন কুয়াশা থাকবে। অন্যান্য অঞ্চলে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা।