প্লে স্টেশন, নিনটেনডো কিংবা এক্সবক্স-এর জনপ্রিয়তার কথা নতুন করে না বললেও চলে। চলতি বছরে এসব গেম কনসোলের নতুন সংস্করণের আশায় বসে আছে গেমাররা। এর আগেই নতুন এক চমক নিয়ে হাজির হয়েছে গ্রাফিক্স কার্ড তৈরিতে বিশ্বব্যাপী অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনভিডিয়া। আসছে সিইএস-কে সামনে রেখেই এনভিডিয়া তাদের গেম কনসোলের ঘোষণা দিয়ে তাক লাগিয়েছে প্রযুক্তি বিশ্বকে। ‘প্রজেক্ট শিল্ড’ নামে এই সিইএস-এই গেম কনসোল উন্মুক্ত করতে যাচ্ছে এনভিডিয়া। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে এই গেম কনসোল। এই কনসোলে থাকছে ৫ ইঞ্চি টাচস্ক্রিন, জয়স্টিক এবং অন্যান্য কন্ট্রোল বাটন। ঝিনুকের আকৃতিতে এই কনসোলগুলো আসবে বাজারে। সিইএস উপলক্ষেই এক সংবাদ সম্মেলনে এই কনসোলের ঘোষণা দিয়েছেন এনভিডিয়ার চিফ এক্সিকিউটিভ জেন-সুন হাং। এক্সবক্স কন্ট্রোলারের চাইতে খানিকটা বড় এই কনসোলটি অবশ্য নিনটেনডো’র উই ইউ’র চাইতে কিছুটা ছোট। এর নিজস্ব পর্দার রেজ্যুলেশন ৭২০ পিক্সেল হলেও কনসোলটি দিয়ে ৪কে স্ট্যান্ডার্ড পর্যন্ত সব ধরনের টেলিভিশন এবং ডিসপ্লেতে গেম খেলা যাবে এর এইচডিএমআই পোর্ট ব্যবহার করে। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হবে কোয়াড-কোরের টেগরা৪ প্রসেসর। এতে অ্যানড্রয়েড ব্যবহারের অন্যতম সুবিধা হচ্ছে, এতে ব্যবহার করা যাবে অ্যানড্রয়েড মার্কেটপ্লেসের বৈচিত্র্যময় অ্যাপ্লিকেশন। গুগল প্লেসহ এসব অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা একে অন্যান্য কনসোলের চাইতে অনেকটা এগিয়ে রাখবে বলেই আশা করছে এনভিডিয়া। এতে ওয়াই-ফাই থাকায় এর মাধ্যমে পিসিতে সংযুক্ত হয়ে পিসির গেমগুলো খেলার সুযোগও আছে।
