জাপানের নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম চীনা রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে জাপানের দাবি করা জলসীমায় চীনের চারটি জাহাজ ঢুকে পড়ার কারণে এই তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে বলা হয়েছে, চীনা জাহাজ জাপানের জলসীমায় ঢুকে পড়ায় এর প্রতিবাদ জানানো হয়েছে।
মঙ্গলবার জাপানের উপ পররাষ্ট্রমন্ত্রী আকিতাকা সাইকি চীনের রাষ্ট্রদূত চেং ইয়ংহুয়াকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন। এ সময় তার কাছে জলসীমায় চারটি জাহাজ ঢুকে পড়ার বিষয়ে জানতে চাওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাসারু সাতু বলেন, সোমবার প্রায় ১৩ ঘন্টা যাবত্ ওই জাহাজগুলো জাপান নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জের কাছে বিরোধপূর্ণ জলসীমায় অবস্থান করে। উল্লেখ্য, জাপানে সেনকাকু ও চীনে দিয়ায়ু নামে পরিচিত দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে উভয় দেশের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধ চলছে। একারণেই জাপানের দাবি করা জলসীমায় মাঝে-মধ্যে চীনা জাহাজ প্রবেশ করলে জাপান তার প্রতিবাদ করে ।
