ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ১০০তম অধিবেশন হয়ে গেল কলকাতায়। নতুন এক জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন নীতির রূপরেখাও নির্দিষ্ট করা হলো এই শততম অধিবেশনে। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় স্বয়ং।
শততম বিজ্ঞান কংগ্রেস বলেই শুধু নয়, বিভিন্ন কারণে ঐতিহাসিক হয়ে থাকল ৩ থেকে ৭ জানুয়ারি কলকাতায় বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন। ১৯১৪ সালে যখন প্রথম বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন বসেছিল, সেই থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রতিটি বিজ্ঞান কংগ্রেসের উদ্দেশ্য ছিল ভারতে বিজ্ঞানচর্চার রূপরেখাটি নির্দিষ্ট করে দেয়া। কী হবে ভারতে বিজ্ঞান সাধনার গতি-প্রকৃতি, তার নির্দেশিকা তৈরি করা। ২০১৩ সালের বিজ্ঞান কংগ্রেস জানালো, দেশের ভবিষ্যত্ নির্ধারণে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা নির্দিষ্ট করে দেয়ার কথা। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং উপস্থিত ছিলেন এই শততম বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে ২০১৩ সালের সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন পলিসি-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ওই জাতীয় নীতিমালার একটি কপি রাষ্ট্রপতির হাতে তুলে দিয়ে।—খবর ডয়চে ভেলে
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁর ভাষণে বললেন, আমি দেশের বিজ্ঞানী সমাজের কাছে আহ্বান জানাই বিজ্ঞান-মনস্ক এক সাংস্কৃতিক চেতনার প্রসার ঘটাতে, যা দেশের ভবিষ্যত্ নির্ধারণ করবে, শান্তি, সমৃদ্ধি নিশ্চিত করবে।
