সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদের ভাষণে হতাশ হয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বানের মুখপাত্র সোমবার জানিয়েছে, আসাদের এই বক্তব্য দেশটির বর্তমান সংকট সমাধানে কোন অবদান রাখবে না। বরং দেশটির পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠবে। যার ফলে সিরিয়ার জনগণের দুঃসহ কষ্টেরও কোন পরিণতি ঘটলো না। অথচ এই মুহূর্তে সমস্যার সমাধানই সিরিয়ার জনগণের মূল প্রয়োজন। খবর সিনহুয়া।
রবিবার জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে সিরিয়ার সংকট নিরসনে নতুন শান্তি পরিকল্পনার বিস্তারিত বিবরণ প্রদান করেন দেশটির প্রেসিডেন্ট আসাদ। তার এই ভাষণের মধ্য দিয়ে বিরোধীদের ক্ষমতায় যাবার আকাঙ্ক্ষাকে নিঃশেষ করে দিলেন তিনি। এ সময় রাজনৈতিকভাবে সমস্যা সমাধানে তিনটি পর্যায়ে উদ্যোগ গ্রহণের কথা বলেন তিনি। যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতির ঘোষণা এবং ‘জাতীয় সনদ’ নিয়ে ব্যাপকভাবে সংলাপ চালিয়ে যাবার কথা জানান আসাদ। তিনি আরো দাবি জানান, এক্ষেত্রে অন্য দেশগুলোকে প্রথমে বন্ধ করতে হবে বিরোধী যোদ্ধাদেরকে সহায়তা দেয়া বন্ধ করা। আসাদের এ বক্তব্যের পর বান তার বিবৃতিতে পূর্বের মত আবারো বলেন, সিরিয়ার এই লড়াইয়ের কোন সামরিক সমাধান নেই। এদিকে সোমবার যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের এই ভাষণ প্রত্যাখ্যান করলেও সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রামিন মেহমানপারাস্ত বলেন, বাশারের বক্তব্য এবং তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি ইসলামি প্রজাতন্ত্রের পূর্ণ সমর্থন রয়েছে। গত ২২ মাসের লড়াইয়ে দেশটিতে ৬০,০০০ বেসামরিক লোক নিহত হয়েছে বলে গত সপ্তাহে প্রকাশিত জাতিসংঘ মানবাধিকারের করা গবেষণা থেকে জানা যায়।
