তুরস্কের জন্য পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে জার্মানি

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২০:৫০
জার্মানি তুরস্কের জন্য পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানো শুরু করেছে। গত মঙ্গলবার জার্মানের উত্তরাঞ্চলের লুবেক বন্দর থেকে ২টি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ নিয়ে সুইসিয়া সিওয়েজ নামক জাহাজটি ছেড়ে যায়। আগামী ২১ জানুয়ারি ৩শ’ যানবাহন এবং ১৩০টি কন্টেইনার নিয়ে জাহাজটি তুরস্কের ইসকেনডেরুন বন্দরে পৌঁছবে। সিরিয়া-তুরস্ক সীমান্ত থেকে ১শ’ কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্র দু’টি মোতায়েন করা হবে। সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে ন্যাটোর কাছে সাহায্য চায় তুরস্ক। এরই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডের পক্ষ থেকে ৪টি ক্ষেপণাস্ত্র তুরস্কে পাঠানো হয়। মোট ৬টি ক্ষেপণাস্ত্র জানুয়ারি থেকে কার্যকর হবে। এগুলো মিসাইল ও বিমান হামলা প্রতিহত করতে সক্ষম।