র্যাব পেল দুই হেলিকপ্টার

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:১৪
অবশেষে র্যাবে যুক্ত হলো দুই হেলিকপ্টার। মঙ্গলবার বিকাল ৫টার দিকে এই দুই হেলিকপ্টার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দর থেকে এই দুই হেলিকপ্টার উড়াল দিয়ে দেড় ঘন্টায় পৌঁছে যায় হযরত শাহ জালাল বিমানবন্দরে। বিমানবন্দরে কাষ্টমসের ক্লিয়ারিং বিভাগের কাজ শেষে র্যাবের কাছে এই দুই হেলিকপ্টার হস্তান্তর করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে এটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে গতকাল হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাবের মিডিয়া এ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান জানিয়েছেন, দীর্ঘ ৮ বছর প্রচেষ্টার পর র্যাবে দুইটি হেলিকপ্টার যুক্ত হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেড়ে গেছে। র্যাবের এয়ার উইং পরিচালক লে. কর্নেল আরিফ মোহাম্মদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, উপকূলীয় ও বনাঞ্চলের ডাকাতি, অপহরণ প্রতিরোধসহ দেশের অভ্যন্তরীণ বিভিন্ন প্রেক্ষাপটে র্যাবের সক্ষমতা আরো বাড়বে। হেলিকপ্টার সংযোজিত হওয়ায় দেশের দুর্গম এলাকাগুলোতেও দ্রুত অভিযান চালানো সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের বেল কোম্পানির তৈরি ৫৭ কোটি ৩৯ লাখ টাকা মূল্যের এই দুইটি হেলিকপ্টার প্রতিরক্ষা ও বিজিবি’র বাইরে র্যাবে যুক্ত হলো।