সৌদি আরবে শ্রীলংকার তরুণীর
শিরশ্ছেদ : কলম্বোর নিন্দা
সৌদি আরবে একটি শিশুকে হত্যার দায়ে একজন শ্রীলংকান গৃহপরিচারিকার মৃত্যুদণ্ড শিরশ্ছেদ করে কার্যকর করার পর এর নিন্দা করেছে শ্রীলংকার সরকার। এক বিবৃতিতে শ্রীলংকার সরকার বলছে- রিজানা নাফিক নামে ওই গৃহপরিচারিকাকে ক্ষমা করার আবেদন জানানো হয়েছিল। আট বছর আগে যে ঘটনায় রিজানা নাফিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, সে সময় তার বয়স ছিল মাত্র সতের বছর। চার বছর বয়সী শিশু নাইফ আল কুথাইবিকে হত্যার জন্য তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। -বিবিসি
যুক্তরাষ্ট্রের সবচেয়ে উষ্ণ বছর ২০১২
যুক্তরাষ্ট্রের মূল ভূভাগে ২০১২ সালের গড় তাপমাত্রা ছিল ৫৫ দশমিক ৩ ডিগ্রি ফারেনহাইট (১২ দশমিক ৯৪ ডিগ্রি সেলসিয়াস)। এই তাপমাত্রা বিংশ শতাব্দীর রেকর্ডকৃত গড় তাপমাত্রা থেকে ৩ দশমিক ২ ডিগ্রি বেশি বলে জানিয়েছেন তারা। এর আগে সবচেয়ে গরমের বছর হিসেবে রেকর্ড করা ১৯৯৮ সালের গড় তাপমাত্রা (৫৪ দশমিক ৩ ডিগ্রি ফারেনহাইট) থেকে এটি পুরো এক ডিগ্রি বেশি।-আনন্দবাজার পত্রিকা
জার্মানিতে বৈধ অস্ত্র ৫৫ লাখ
জার্মানির জাতীয় অস্ত্র নিবন্ধন সংস্থা ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। ফলে জানা গেছে জার্মানিতে বৈধ অস্ত্রের সংখ্যা ৫৫ লাখ। জার্মানিতে অস্ত্রের সঠিক সংখ্যা সম্পর্কে এতকাল কমই জানা গিয়েছিল।
নিউইয়র্কে ফেরি দুর্ঘটনায় ৭০ জন আহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে বুধবার একটি যাত্রীবাহী ফেরি দুর্ঘটনায় ৭০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে এগারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ। নিউ জার্সি থেকে আসা সিসট্রেক ওয়াল স্ট্রিট নামের স্থানীয় সময় সকাল ৮ টা ৪৫ মিনিটে ফেরিটি ঘাটে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঐ ফেরিটিতে ৩৪০ জন যাত্রী ছিল। -বিবিসি
