ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের হাজার হাজার সমর্থক বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সমাবেশ করে। নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে তার যেইদিনটিতে শপথ নেয়ার কথা ছিল সেইদিনটির প্রতি সন্মান রেখেই এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্যাভেজ অসুস্থ থাকায় তার শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়। এ নিয়ে বিলম্বিত শপথকেও বৈধতা দিয়েছে দেশটির আদালত।
সমাবেশে তার সমর্থকরা টি শার্ট পরে পতাকা উঁচিয়ে ‘আমরা শ্যাভেজ’ বলে শ্লোগান দেয়। এ সময় তারা গত প্রেসিডেন্ট নির্বাচনকালে যে গান-বাজনার মাধ্যমে প্রচারণা চালানো হয়েছিল, তা আবার বাজানো হয়। সমাবেশে বক্তারা বলেন, শ্যাভেজ আমাদের শুধু নেতাই নন, তিনি জনগণের বন্ধু। তিনি জনগণের হূদয় । সাবেক যোগাযোগমন্ত্রী অ্যানড্রেস ইজারা বলেন, এই সমাবেশ গোটা ল্যাটিন আমেরিকার প্রতিনিধিত্ব করছে, যা থেকে আমরা শ্যাভেজের অভিষেকের আনন্দ উদযাপন করছি। তিনি আরও বলেন, অসুস্থতার কারণে শ্যাভেজের অভিষেক ও শপথ অনুষ্ঠান না হলেও আমরা তার উপস্থিতি সব সময়ই উপলব্ধি করি। আর তার অনুপস্থিতি কখনোই কোন রাজনৈতিক পথকে বন্ধ করে রাখতে পারে না। সরকার সমর্থকরা ওইদিন সমাবেশের আয়োজন করেছে এ কারণে যা শ্যাভেজের অভিষেক অনুষ্ঠানে হওয়ার কথা ছিল। তবে সরকারের পক্ষ থেকে তখন এ সমস্যা সমাধানে সে সময়ে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় দেশসমূহের নেতাদের নিয়ে শ্যাভেজের অনুপস্থিতিতে অভিষেকের কথা বলা হয়েছিল। এতে বাদ সাধে বিরোধীরা । তারা বলেন, এটি সম্পূর্ণ অসাংবিধানিক।
এদিকে স্বাস্থ্য সমস্যার কারণে হুগো শ্যাভেজের অভিষেক ও শপথ অনুষ্ঠান স্থগিত হওয়ায় দেশটিতে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে তা শীঘ্রই দূর হবে না বলে মন্তব্য করেছেন অনেকে। তাদের মতে, এ কারণে চলমান রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। তবে তার বিলম্বিত শপথ অনুষ্ঠানকে বৈধতা দিয়েছে আদালত। দেশটির সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লুইসা এস্টেলা মোরলেস বলেছেন, প্রেসিডেন্ট হিসাবে তিনি সাংবিধানিকভাবেই পরবর্তী কোনো তারিখেও শপথগ্রহণ করতে পারবেন। সেইসঙ্গে তিনি পুনর্নির্বাচিত হওয়ার মধ্য দিয়েই সরকার পরিচালনা অব্যাহত রাখার নিশ্চয়তা অর্জন করেছেন।
