যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের সঙ্গে একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবমেরিনটির বড় ধরনে কোনো ক্ষতি হয়নি বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে গত বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইউএসএস জ্যাকসনভিল নামের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনটি গত বৃহস্পতিবার ভোর ৫টায় পারস্য উপসাগরের হরমুজ প্রণালী পার হওয়ার সময় দুর্ঘটনাকবলিত হয়। ধারণা করা হচ্ছে, একটি মাছ ধরা জাহাজের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। এতে সাবমেরিনটির পেরিস্কোপ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কিছু ঘটেনি। বাহরাইনভিত্তিক যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, ইউএসএস জ্যাকসনভিল সাবমেরিনের সঙ্গে আঘাত সম্পর্কে মাছ ধরা জাহাজটি কিছু টের পায়নি। সাবমেরিনটির পরমাণু চুল্লি অক্ষত আছে।
