‘বর্ণে বর্ণিল, স্বপ্নে উজ্জ্বল আমাদের জাতীয় সংসদ ভবন’ এই শিরোনামে সংসদ ভবনকে সামনে রেখেই ছবি আঁকতে শুরু করেন দেশের ২৪ জন নবীন-প্রবীণ শিল্পী। তবে শিল্পী তার তুলির আঁচড়ে শুধু সুন্দরের আর স্বপ্নের কথা নয়, বরং সংসদ ভবনের মধ্যে ঘটে যাওয়া গণতন্ত্রবিরোধী কার্যকলাপ আর অরাজকতার প্রতিবাদকেও প্রকাশ করেন ক্যানভাসে। সবুজ মাঠের মাঝে সাদা সংসদ ভবন উপরে নীল আকাশ এমনভাবেই নিজের ছবি এঁকেছেন প্রবীণ শিল্পী মোকলেসুর রহমান। তিনি মনে করেন ছবির মধ্য দিয়ে সৌন্দর্যকে প্রকাশ করা তার কাজ, আর ইতিবাচকভাবেই দেখতে চান সবকিছু। আর তরুণ শিল্পী নাজিয়া আন্দালিব প্রেমা মনে করেন শিল্পীর ছবিই হবে প্রতিবাদ। তার ছবিতে আমাদের সংসদকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় বয়ে যাওয়া রক্তের লাল রঙ, এর ভেতরের কালো অন্ধকার ফুটে উঠেছে। প্রবীণ শিল্পী অধ্যাপক হামিদুজ্জামানের স্ত্রী আইভি জামান জানান, লুই কানের এই বিখ্যাত সৃষ্টির সামনে ছবি আঁকা অন্যরকম আনন্দের কথা। তারা বলেন, আমরা আগ্রা যাই তাজমহল দেখতে। আমাদের সংসদ ভবনও তেমনই ভুবন বিখ্যাত এক কীর্তি। অনেক বিদেশি এখানে আসেন একে দেখতে। আমরা সংসদ ভবন নিয়ে গর্ব করি। প্রবাসী শিল্পী সৈয়দ ইকবাল তার ছবি নিয়ে বলেন, এখানে মানুষ আছে, সংসদ সদস্য আছেন, আছেন স্পিকার, স্বাধীনতার ৪০ বছর পার হলেও এখানে গণতন্ত্র সমৃদ্ধি লাভ করেনি। তাই আঁকতে চাইছি। দেশের খ্যাতিমান শিল্পীদের নিয়ে সংসদ ভবনকে কেন্দ্র করে গণতন্ত্রের অর্থ, স্বাধীনতার তাত্পর্য, শান্তি আর কল্পনা যখন এক হতে চায় আমাদের জীবনে, তখন সংসদ ভবনের সামনে দুইদিনের এক আর্ট ক্যাম্পের আয়োজন করে ইনস্টিটিউট অব এশিয়ান ক্রিয়েটিভ। আয়োজকদের উদ্দেশ্য সুন্দর এই স্থাপনার মধ্যে সুন্দরের গণতন্ত্রের বিকাশ। গতকাল এই ক্যাম্প উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী এমপি। তিনি বলেন, শিল্পের মাধ্যমে দেশকে তুলে ধরা ও দেশের মর্যাদা বৃদ্ধি করা সম্ভব। তাই দেশে শিল্পচর্চার আরো সুযোগ সৃষ্টি করতে হবে। চিত্রের মাধ্যমে যেমন বাংলাদেশকে তুলে ধরা ও দেশের মর্যাদা বৃদ্ধি করা সম্ভব, তেমনি সে মর্যাদা সমুন্নত রাখতে গণতান্ত্রিক অগ্রযাত্রাও অব্যাহত রাখতে হয়। অসংসদীয় সরকারের অধীনে শিল্পচর্চা ব্যাহত হয়। তাই ভবিষ্যতে যেন কোন অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান। এই ক্যাম্পের চিত্রকর্মগুলো জাতীয় সংসদ ভবনে ও ওয়েস্টিন হোটেলে প্রদর্শনীর জন্য রাখা হবে এবং পরে স্থায়ীভাবে সংসদ মিউজিয়ামে প্রদান করা হবে।
