প্রধান বিচারপতিকে ইমপিচ করেছে শ্রীলংকার পার্লামেন্ট

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২০:২৩
শ্রীলংকার পার্লামেন্ট প্রধান বিচারপতি সিরানি বন্দরনায়েককে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্টের সমর্থক এমপিরা ১৫৫-৪৯ ভোটে প্রধান বিচারপতিকে ইমপিচ করে। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়। সিরানি বন্দরনায়েকে তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে সম্প্রতি একটি কোর্ট রুলিংয়ে পার্লামেন্টের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশটিতে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে। সমালোচকরা বলছেন বিচারক সিরানি ষড়যন্ত্রের শিকার। এ ঘটনায় দেশের বিচার বিভাগ চ্যালেঞ্জের মুখে পড়বে। পার্লামেন্টে ভোটাভুটির পর সরকার সমর্থকরা প্রধান বিচারপতির সরকারি বাসভবনের সামনে উল্লাস করে। ইমপিচমেন্ট প্রক্রিয়ার বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছে দেশটির বিরোধী দলগুলো, আইনজীবীরা এবং ধর্মীয় নেতারা। ভোটাভুটি সত্ত্বেও প্রধান বিচারপতি তার আগামী সপ্তাহের দাপ্তরিক কর্মপরিকল্পনা ঠিক করছেন বলে জানা গেছে। মানবাধিকার সংগঠনগুলো বিচার বিভাগের সংহতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। সুশীল সমাজ এবং আইনজীবীরা বলছেন সরকারের পছন্দের বিচারপতি তাদের স্বার্থের বিরুদ্ধে কয়েকটি রুল জারি করায় সরকার এখন প্রতিহিংসামূলক আচরণ করছে।