লন্ডনে বৈশাখী মেলা নিয়ে অনিশ্চয়তা
লন্ডনের বাংলা টাউন এলাকায় গত ১৪ বছর যে জায়গায় বৈশাখী মেলা হচ্ছে, সেটিকে অন্যত্র সরিয়ে নেয়ার জন্য স্থানীয় প্রশাসন থেকে চাপ দেয়া হচ্ছে বলে আয়োজকরা অভিযোগ করেছেন। তারা বলছেন, স্থানীয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কর্মকর্তারা তাদের বলছেন, স্থানীয় কিছু বাসিন্দা, যাদের মধ্যে বাঙালিও রয়েছেন, ধর্মীয় অনুভূতি এবং মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে ঝুঁকি তৈরি হচ্ছে এমন কারণ দেখিয়ে এই মেলার বিরুদ্ধে আপত্তি তুলেছেন। প্রতি বছর ব্রিটেন প্রবাসী হাজার হাজার বাঙালি এই মেলায় আসেন।— বিবিসি
মার্কেলের দলের রেকর্ড সমর্থন লাভ :জরিপ
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের রক্ষণশীল দল ২০০৫ সাল থেকে ক্ষমতায় আসার পর রেকর্ড পরিমাণে সমর্থন লাভ করেছে। এই সমর্থনের হার ৪২ শতাংশ। এক্ষেত্রে তার প্রধান বিরোধী সমাজতান্ত্রিক গণতান্ত্রিক দল পেয়েছে মাত্র ১৭ শতাংশ। বুধবার প্রকাশিত নতুন এক জরিপে এ কথা বলা হয়। ফোরসা নামে এ জরিপটি স্টার্ন ম্যাগাজিন এবং আরটিএল টেলিভিশন করেছে। —সিনহুয়া
সৌদী শুরা কাউন্সিলে
নারী সদস্য
সৌদী বাদশাহ এক ডিক্রি জারির মাধ্যমে তার শুরা কাউন্সিলের বিশ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষণের ঘোষণা দিয়েছেন। এতদিন পর্যন্ত এই কাউন্সিলের একশভাগ সদস্যই ছিলেন পুরুষ। বাদশাহ আবদুল্লাহ তার দেশে সংস্কারের যে চেষ্টা চালাচ্ছেন এই পদক্ষেপকে তারই অংশ বলে মনে করা হচ্ছে। যে দেশে এখনো পর্যন্ত মেয়েদের গাড়ি চালানোর অনুমতি নেই, সেখানে বাদশাহর উপদেষ্টা পরিষদে নারীদের অন্তর্ভুক্তিকে এক ঐতিহাসিক পদক্ষেপই বলতে হবে। এই শুরা কাউন্সিলের কাজ হচ্ছে বাদশাহকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া, আইনের পর্যালোচনা এবং মন্ত্রীদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলা। কিন্তু কোন আইন নাকচ করার ক্ষমতা এর নেই, আর কাউন্সিলে সব সদস্য বাদশাহর নিয়োগ করা। ফলে সমালোকরা এটিকে একটি নখদন্তহীন প্রতিষ্ঠান বলেই বর্ণনা করেন।
