সিরিয়া সংকটের কোনো সামরিক সমাধান নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি। এদিকে, সিরিয়ার ইদলিব প্রদেশের তাফতানাজ বিমান ঘাঁটিটি নিজেদের দখলে নিয়েছে বিদ্রোহীদের সংগঠন ফ্রি সিরিয়ান আর্মি।
সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাথে তিনি একমত যে, সিরিয়া সংকটের কোনো সামরিক সমাধান নেই। সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বানস এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোখদানভের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তারা তিনজনই সিরিয়ায় সহিংসতা দ্রুত বন্ধের প্রয়োজনীয়তার কথা বলেছেন।
শুক্রবারের বৈঠকের পর ব্রাহিমি বলেন, ২০১২ সালের ৩০ জুনের জেনেভা ঘোষণার ভিত্তিতে আমরা একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর উপর জোর দিয়েছি। সিরিয়ার সব রাজনৈতিক দলের পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করার চেষ্টাও অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনীর সাথে কয়েক সপ্তাহব্যাপী ভয়াবহ সংঘর্ষের পর বৃহস্পতিবার বিদ্রোহী যোদ্ধারা তাফতানাজ সামরিক বিমান ঘাঁটিটি দখল করে নিয়েছে।
