পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রংপুর মহানগরীর পূর্ব শালবন এলাকায় স্ত্রী-পুত্রের নির্যাতনে মৃত্যু হয়েছে রাশেদুল ইসলাম রাশেদ (৪৫) নামের এক সাবেক সেনা কর্মকর্তার। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহত রাশেদের স্ত্রী সায়মা ও পুত্র সায়েমকে গ্রেফতার করেছে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, পূর্ব শালবন এলাকার সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার রাশেদুল ইসলাম রাশেদের সঙ্গে একাধিক মহিলার পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এরই জের ধরে গতকাল স্বামী-স্ত্রী ও পুত্রের মধ্যে বিবাদ শুরু হয়। এক পর্যায়ে পুত্র সায়েম পিতা রাশেদের মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
