পশ্চিম তীর থেকে ফিলিস্তিনি আন্দোলনকারীদের উচ্ছেদ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ১৯:৫২
অধিকৃত পশ্চিম তীরের একটি এলাকা থেকে রবিবার ইসরাইলি পুলিশ প্রায় ১০০ জন ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক আন্দোলনকর্মীকে উচ্ছেদ করেছে। ইসরাইল কিছুদিন আগে ওই স্থানে নতুন করে বসতি স্থাপনের ঘোষণা দিয়েছিল। ইসরাইলি বসতি স্থাপনের পরিকল্পনার বিরুদ্ধে জেরুজালেম এবং ইহুদি বসতি মালি আডুমিমের মাঝামাঝি অবস্থিত ই১ এলাকায় শুক্রবার ১০০ জনের মতো ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক আন্দোলনকর্মী অবস্থান নেয়। তারা সেখানে ২০টি তাঁবু নির্মাণ করে। ইসরাইলি সুপ্রিম কোর্ট শুক্রবার তাদের উচ্ছেদের সরকারি সিদ্ধান্ত অনুমোদন দেয়। এরপর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের উচ্ছেদের নির্দেশ দেন। রবিবার সকালে ইসরাইলি পুলিশ আন্দোলনকর্মীদের উচ্ছেদ শুরু করে। পুলিশ জোরপূর্বক তাঁবুগুলো গুটিয়ে ফেলে। আন্দোলনকর্মীদের একজন মুখপাত্র আবির কপটি জানান, উচ্ছেদের সময় তাদের ছয়জন কর্মী আহত হয়েছে। আন্দোলনকারীরা জানায়, ওই স্থানটিকে তারা ভবিষ্যত্ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ মনে করে। তারা এখানে বাব আল-শামস নামে একটি ফিলিস্তিনি গ্রাম প্রতিষ্ঠা করতে চায়।