যুক্তরাষ্ট্রে ফ্লু:নিউইয়র্কে জরুরি অবস্থা

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ১৯:৫২
চলতি বছর ইনফ্লুয়েঞ্জার মহামারীর কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কউমো জনস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করেছেন। বোস্টনের পর নিউইয়র্ক রাজ্যেই এক্ষেত্রে জরুরি অবস্থা জারি করা হল। নিউইয়র্ক অঙ্গরাজ্যে ইতিমধ্যে ফ্লু আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার বলে জানা গেছে। এই সংখ্যা আগের বছর একই সময়ে আক্রান্তের সংখ্যার চারগুণ বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে ফ্লুর প্রাদুর্ভাব মহামারী পর্যায়ে পৌঁছেছে বলে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও নিবারণ কেন্দ্র জানিয়েছে। এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ৪১টি রাজ্যে ফ্লু ছড়িয়ে পড়লেও চলতি সপ্তায় সেটি ৪৭টি রাজ্যে ছড়িয়ে পড়েছে। চিকিত্সা বিশেষজ্ঞরা ফ্লু নিরাময়ে যে ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিচ্ছেন তা রোগটি প্রতিরোধে ৬২ শতাংশ পর্যন্ত কার্যকর। সিডিসির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ১০টি অঞ্চলের মধ্যে নয়টিতেই গত সপ্তাহে ফ্লু নিয়ে কার্যক্রম বাড়ানো হয়েছে। সাধারণত জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে এ রোগ দেখা দিলেও এবার কয়েক সপ্তাহ আগেই তা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রতিবছরই ফ্লুতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। তবে এবার এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি।