বিশ্বব্যাপীই রয়েছে অ্যাপল পণ্যের বাজার। তবে গোটা প্রযুক্তি বিশ্বের বাজারের অনেকটাই দখল করে রেখেছে চীন। জনবহুল এই দেশটি প্রযুক্তি বাজারকে নিয়ন্ত্রণ করে অনেকখানি। টেক জায়ান্ট অ্যাপল’র নজরও এখন তাই চীনের দিকেই। বর্তমানে চীনে রয়েছে অ্যাপল’র নিজস্ব ১১টি স্টোর এবং সেইসাথে রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক পরিবেশক। তবে খুব অল্প সময়ের মধ্যেই চীনে অ্যাপল স্টোরের সংখ্যা পেরিয়ে যাবে ২৫টি। এমনটিই জানিয়েছেন অ্যাপল সিইও টিম কুক। চীন ভ্রমণকালে এই কথা জানিয়েছেন কুক। নিকট ভবিষ্যতে অ্যাপল পণ্যের সবচেয়ে বড় বাজার হতে যাচ্ছে চীন—এমনটিই মনে করছে অ্যাপল। আর সে কারণেই ইতোমধ্যেই চীনের বাজারের জন্যই বিশেষভাবে প্রযুক্তি পণ্য উত্পাদন করা শুরু করেছে তারা। এ ছাড়া অ্যাপল পণ্যগুলো এখন থেকে চীনের বাজারে আরও দ্রুত নিয়ে আসার বিষয়েও তারা কাজ করছে বলে জানিয়েছেন কুক। চীনের বাজারে পণ্য বিক্রির অনুমতি লাভের প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও এ বিষয়ে তারা কথা চালিয়ে যাচ্ছেন কর্তৃপক্ষের সাথে। এতে করে সুফল মিলবে বলেও আশাবাদী কুক।
