প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com রচিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা গত রবিবারে প্রকাশিত সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করবো এবং সেই সাথে নবম দশম শ্রেণির পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করবো। এই লেসনটি তোমরা একযোগে পাবে www.Srijonshil.com ওয়েবসাইট ও তোমাদের পছন্দের দৈনিক ইত্তেফাকের অনুশীলন পাতায়।
আজকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর (জীববিজ্ঞান)
নিচের উদ্দীপকটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাও ঃ
একদিন সেলিম দেখল তার প্রতিবেশীর কয়েকটি ছাগল তার ক্ষেতে লাগানো বেশ কিছু লাউশাকের ডগা খেয়ে ফেলেছে। এতে তার খুব মন খারাপ হলো। কিন্তু কয়েকদিন পর সে লক্ষ করল ছাগলে খাওয়া লাউশাকের কক্ষ মুকুল গুলো খুব দ্রুত বৃদ্ধি পেয়ে শাখা প্রশাখায় পরিণত হয়েছে। তাতে তার মন ভাল হয়ে গেল।
ক. অগ্রমুকুলের কোষগুলো কী ধরনের কোষ?
খ. আমাদের দেশে সাধারণত মে-জুন মাসে শিম হয় না কেন, ব্যাখ্যা করো।
গ. ছাগলে খাওয়া লাউশাকের কক্ষ মুকুলগুলোর দ্রুত বৃদ্ধি হয়ে শাখা প্রশাখায় পরিণত হওয়ার কারণ ব্যাখ্যা করো।
ঘ. উপরোক্ত ঘটনা থেকে সেলিম যে শিক্ষা লাভ করলো তা কাজে লাগিয়ে সে কীভাবে আর্থিকভাবে লাভবান হতে পারে, তা সাজিয়ে লেখ।
নমুনা উত্তরঃ
ক. অগ্রমুকুলের কোষগুলো ভাজক কোষ।
খ. আমরা জানি, শিম একটি ছোটদিনের উদ্ভিদ। দিনের দৈর্ঘ্য ছোট হলে এইসব উদ্ভিদে ফুল ফোটে। যেহেতু মে-জুন মাসে আমাদের দেশে গ্রীষ্মকাল থাকে, সেহেতু এইসময়ে দিনের দৈর্ঘ্য বেশি হয়। তাই এই সময় শিমগাছে ফুল ফোটেনা এবং শিমও হয় না।
গ. আমরা জানি, কান্ডের অগ্রভাগ বা শীর্ষ হল আদর্শ বৃদ্ধি অঞ্চল। অগ্রমুকুলের প্রভাবে সাধারণত কক্ষমুকুল সৃষ্টি হয় না, অথবা হলেও কক্ষমুকুল থেকে শীর্ষ মুকুলের বৃদ্ধি সবসময়ই প্রকট থাকে। অক্সিন নামক বৃদ্ধিকারক রাসায়নিক পদার্থ কান্ডশীর্ষেই অধিক থাকে বলে এখানে বৃদ্ধির হারও বেশি থাকে। কিন্তু এই শীর্ষ মুকুল কেটে দিলে অক্সিন নিচে প্রবাহিত হয়। তাই কক্ষমুকুলের সৃষ্টি হয় অথবা কক্ষমুকুলের বৃদ্ধি ত্বরাম্বিত হয়। সেলিমের লাউশাকের ক্ষেত্রেও এমনটি ঘটেছে। ছাগলে লাউশাকের ডগা খেয়ে ফেলার পর অক্সিন নিচে প্রবাহিত হয়। এতে কক্ষ মুকুলগুলো দ্রুত বৃদ্ধি পেয়ে শাখা প্রশাখায় পরিণত হয়।
ঘ. উদ্দীপকে উলে¬খিত ক্ষেত্রে ছাগল লাউশাকের ডগা খাওয়ার কয়েক দিন পর কক্ষ মুকুলগুলো খুব দ্রুত বৃদ্ধি পেয়ে শাখা প্রশাখায় পরিণত হয়। এখান থেকে সেলিম যে শিক্ষাটি পেল সেটি হল সবজি জাতীয় উদ্ভিদের ডগা কেটে দিলে ঐসব উদ্ভিদের কক্ষ মুকুল দ্রুত বৃদ্ধি পায় এবং এগুলো দ্রুত শাখা প্রশাখায় পরিণত হয়। সেলিম এই শিক্ষাটি নিম্নোক্তভাবে কাজে লাগাতে পারেঃ
সেলিম মাঝে মাঝে তার ক্ষেতের লাউশাকের শীর্ষ মুকুলগুলো কেটে দিতে পারে। এইক্ষেত্রে লাউশাকের শাখা প্রশাখার বিস্তার আগের চেয়ে বহুগুণে বেড়ে যাবে। আর শাখা প্রশাখার বিস্তার যত বেশি হবে লাউ গাছে ফুল ও লাউ তত বেশি বেশি ধরবে। উদ্ভিদের এই বৈশিষ্ট্য সে অন্যান্য সবজি ও গুল্ম জাতীয় উদ্ভিদ যেমন- কুমড়া, পুঁই, বেগুন, করল¬া, মরিচ, ঢেঁড়শ, কাকরোল, শসা প্রভৃতিতে ব্যবহার করে এদের শাখা প্রশাখা স্বাভাবিকের চেয়ে বহুগুণ বৃদ্ধি করতে পারবে। এর ফলে সব্জির উত্পাদন অনেক বেড়ে যাবে। এই সবজি বাজারজাত করে সে আর্থিকভাবে বেশি লাভবান হবে।
আজকের সৃজনশীল প্রশ্ন (পদার্থবিজ্ঞান)
নিচের উদ্দীপকটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাও ঃ
অনামিকার চোখে সমস্যা থাকায় সে অবতল লেন্সের একটি চশমা ব্যবহার করে যার ফোকাস দূরত্ব 25 cm। অন্যদিকে তার বান্ধবী স্নেহার গত কয়েক মাস আগেও বই পড়তে কোনোরকম সমস্যা হতোনা। কিন্তু গত কিছুদিন ধরে সে কোনো বইয়ের লেখা 50 cm এর কম দূরত্বে রেখে স্পষ্ট দেখতে পায় না। এইক্ষেত্রে ডাক্তার তাকে একটি চশমা ব্যবহার করার পরামর্শ দেন। চশমাটি ব্যবহার করার পর থেকে সে আগের মত 25 cm দূরত্বে রেখে যেকোনো লেখা ভালভাবে পড়তে পারে।
ক. স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের দূরতম দূরত্ব কত?
খ. দর্শনানুভূতির স্থায়িত্বকাল বলতে কী বুঝ?
গ. অনামিকার ব্যবহূত চশমার লেন্সের ক্ষমতা নির্ণয় করো।
ঘ. স্নেহার সমস্যাটি কিভাবে সংশোধিত হলো তা আলোক রশ্মির ক্রিয়া রেখা অংকন করে ব্যাখ্যা করো।
প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির সমাধান পাওয়া যাবে www.Srijonshil.com ওয়েবসাইট এবং রবিবারে দৈনিক ইত্তেফাকে। কিন্তু তোমার জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনো কমন পড়বে না। এই ক্ষেত্রে দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভালো করতে হলে এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো।
তোমাদের মতামত
এই লেসনের ওপর তোমাদের মতামত লিখে পাঠাও নিচের ঠিকানায়
ইমেইল:[email protected]
মোবাইল :01681035797
