বেলুচিস্তানের প্রাদেশিক সরকার বরখাস্ত

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:২৫
পাকিস্তানের প্রধানমন্ত্রী বেলুচিস্তানের প্রাদেশিক সরকারকে বরখাস্ত করেছেন। বৃহস্পতিবার দু’টি বোমা হামলার পর শিয়া মুসলমানদের বিক্ষোভের মুখে এ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। প্রাদেশিক সরকার প্রধান নওয়াব আসলাম রাইজানিকে বরখাস্ত করে তার দায়িত্ব দেয়া হয়েছে ঐ প্রদেশের গভর্নরকে। বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় প্রধানমন্ত্রী আশরাফ শিয়া মুসলিম সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠক করেছেন। সেনাবাহিনী নিরাপত্তা বিধান না করা পর্যন্ত সংক্ষুব্ধ শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ বোমা হামলায় নিহতদের কবর না দিয়ে বিক্ষোভ করছে। বৃহস্পতিবার কোয়েটার শিয়া অধ্যুষিত এলাকায় দু’টি বোমা হামলার ঘটনায় ৯২ জন নিহত হবার পর হাজার হাজার শিয়া মুসলিম তাদের জীবনের নিরাপত্তার দাবিতে বোমা-হামলায় নিহতদের কফিন দিয়ে পথ অবরোধ শুরু করে। কোয়েটা শহরের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে তুলে দেয়া এবং প্রাদেশিক সরকারকে বরখাস্ত করার দাবি জানায় তারা। এমন প্রেক্ষাপটে রবিবার কোয়েটায় এসে শিয়া মুসলিম নেতাদের উদ্বেগ নিয়ে প্রাদেশিক গভর্নরের সাথে পরিস্থিতি আলোচনা করেন তিনি। এরপর বেলুচিস্তানের প্রাদেশিক সরকারকে বরখাস্ত করে প্রদেশের দায়িত্ব দেয়া হয়েছে ঐ প্রদেশের গভর্নরকে। ওদিকে এই বোমা হামলার ঘটনায় পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।