সৈয়দপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা দু’গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের পাঠদান না করে তারা পক্ষে-বিপক্ষে আন্দোলনে নেমেছে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রাজীবউদ্দিন বাবু জানান, নতুন শিক্ষক নিয়োগের জের ধরে দু’জন শিক্ষক তাকে লাঞ্ছিত করেন। গত ৭ জানুয়ারি স্কুল শাখার শিক্ষকরা কলেজ শাখার শিক্ষকদের বিরুদ্ধে মানববন্ধন করে। এদিনই ওই শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদের যৌথ সভা হয়। এতে স্কুল শাখার সিনিয়র শিক্ষক সেলিনা বেগম তার বক্তব্যে বলেন, কলেজ শাখার শিক্ষকদের গ্রুপিংয়ে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এজন্য তিনি অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।
অভিভাবক শফিকুল রহমান বসুনিয়া জানান, আমাদের সন্তানদের পাঠদানে বাধা সৃষ্টিকারী কলেজ শিক্ষকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রয়োজনে আমরা আন্দোলনে নামব। পরিচালনা পরিষদের সভাপতি সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই দুই প্রভাষকের মারমুখী আচরণ শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে।
