মালিতে ফ্রান্সের অভিযানে সহায়তা দেবে জাতিসংঘ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:২০
মালিতে ফ্রান্সের সামরিক অভিযানে সবরকম সহায়তা দেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এদিকে ফরাসি বিমান হামলা সত্ত্বেও আল-কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহীরা মালির উত্তরে কেন্দ্রীয় শহর দিয়াবলির নিয়ন্ত্রণ নিয়েছে। জাতিসংঘে নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকের পর ফ্রান্সের চলমান সামরিক অভিযানে সবরকম সহায়তা দেয়ার সিদ্ধান্ত জানানো হয়। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্রাবিয়াস বলেছেন, ফ্রান্স একা মালির নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের ঠিক আগে তিনি এই মন্তব্য করেন। তিনি আন্তর্জাতিক সমপ্রদায়কে মালির ইসলামী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে অংশ নেয়ার আহবান জানান। মালির সেনাবাহিনীর উপর পাল্টা আক্রমণ চালিয়ে বিদ্রোহীরা গুরুত্বপূণ দিয়াবলি শহরটির উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ফ্রান্স এবং মালির সরকারের কর্তৃপক্ষ এ কথা স্বীকার করেছে। বিবিসির একজন সাংবাদিক জানিয়েছেন, ইসলামী জঙ্গিরা মালির রাজধানী বামাকো থেকে কয়েকশ মাইল দূরে থাকলেও সেখান থেকে যুদ্ধের আভাস টের পাওয়া যাচ্ছে। গত বছর পশ্চিম আফ্রিকার এই দেশটির উত্তরাঞ্চল ইসলামী জঙ্গি গোষ্ঠীরা দখলে নেয় এবং ক্রমেই তারা রাজধানী বামাকোর দিকে অগ্রসর হতে থাকে। এই অবস্থায় ফ্রান্স গত শুক্রবার থেকে মালিতে সামরিক অভিযান শুরু করেছে।