শ্যাভেজের অবস্থার উন্নতি হচ্ছে

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:২১
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের শারীরিক অবস্থা ইতিবাচক। তবে সাম্প্রতিক দিনগুলোতে তার স্বাস্থ্যের উন্নতি হলেও এখনো তার চিকিত্সা প্রয়োজন। ভেনিজুয়েলার যোগাযোগমন্ত্রী আরনেস্তো ভিলেগাস এসব কথা বলেছেন। সোমবার কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার দেশটির রেডিও ও টেলিভিশনে যোগাযোগমন্ত্রীর একটি বিবৃতি প্রচারিত হয়। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে শ্যাভেজের স্বাস্থ্যের ইতিবাচক উন্নতি হচ্ছে। প্রেসিডেন্ট তার চিকিত্সকদের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছেন। এদিকে ভেনিজুয়েলার সাবেক ভাইস-প্রেসিডেন্ট ইলিয়াস জাওয়া রবিবার বলেছেন, শ্যাভেজ তার জীবনের জন্য লড়ছেন। পরিস্থিতি জটিল এবং সূক্ষ্ম। কিন্তু এটা সত্য যে, হুগো শ্যাভেজ লড়াই চালিয়ে যাচ্ছেন। ক্যান্সারের চিকিত্সায় শ্যাভেজ কিউবায় অবস্থান করছেন। সেখানে চতুর্থ দফার অস্ত্রোপচার শেষে ফুসফুসের মারাত্মক সংক্রমণ ও শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় ভুগছেন তিনি। এক মাস আগে সর্বশেষ অস্ত্রোপচারের পর তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। গত ১০ জানুয়ারি চতুর্থ দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতেও পারেননি তিনি। এদিকে শ্যাভেজের সমর্থনে গতকালও ভেনিজুয়েলার বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করেছেন তার সমর্থকরা।