হাসপাতাল ছেড়েছেন সিনিয়র বুশ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:২২
সাবেক মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশ (৮৮) টানা দুইমাস হাসপাতালে চিকিত্সা শেষে সোমবার টেক্সাসে তার বাড়িতে ফিরেছেন। খবর আল জাজিরা ও এএফপির। ব্রংকটাইটিস, সংক্রমণসহ তীব্র কাশির কারণে তিনি গত ৭ নভেম্বর হিউস্টনের মেথোডিস্ট হাসপাতালে ভর্তি হন। ১২ দিন চিকিত্সা শেষে তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু পুনরায় অসুস্থ হয়ে পড়লে মাত্র চারদিনের মাথায় আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রী বারবারাকে সঙ্গে নিয়ে এক বিবৃতিতে বুশ বলেন, ডাক্তার ও নার্সদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ যারা আমাকে সেবা দিয়েছেন। তিনি তার শুভাকাঙ্ক্ষীদের বলেন, আপনাদের প্রার্থনা আমাকে সুস্থ হতে অনেক বেশি সাহায্য করেছে। ডাক্তার অ্যামি মিনডার্স জানান, মি. বুশের বর্তমান শারীরিক অবস্থা তেমন জটিল নয়। তাই বাড়ি থাকলেও তার বিশেষ কোন ওষুধের প্রয়োজন নেই। তবে তার চিকিত্সা চলবে। বুশের মুখপাত্র জিম ম্যাকগ্রেথ জানান, বুশ ও তার স্ত্রী পশ্চিম হিউস্টনে তাদের বাড়ি ফিরেছেন। সেখানে তার কিছু চিকিত্সা চলবে। গত ২৯ ডিসেম্বর থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। ওই দিন তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে ছেড়ে দিয়ে সাধারণ বেডে স্থানান্তর করা হয়।