শ্রীলঙ্কায় নতুন প্রধান বিচারপতি নিয়োগ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:২২
শ্রীলঙ্কায় গতকাল মঙ্গলবার নতুন প্রধান বিচারপতি হিসাবে মহান পেরিসকে নিয়োগ দেয়া হয়েছে। আগের বরখাস্ত হওয়া প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েককে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সত্ত্বেও এ নিয়োগ প্রদান করা হলো। সাবেক অ্যাটর্নি জেনারেল মহান পেরিসকে এ পদের জন্য মনোনয়ন দেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। এরপর এটি পার্লামেন্ট কাউন্সিলে অনুমোদিত হয়। শিরানি বন্দরনায়েককে রবিবার রাজাপাকসে সরিয়ে দেন। এর আগে শুক্রবার শিরানিকে নিয়ে বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে পার্লামেন্টে অভিসংশন বিল পাস হয়। পরে তার অভিসংশনে সই করেন প্রেসিডেন্ট রাজাপাকসে। এর প্রতিবাদ করেন শিরানি বন্দরনায়েক। তিনি ওই অভিসংশন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেন। স্থানীয় কোর্ট থেকেও বলা হয় অভিসংশনের ওই প্রক্রিয়া ছিল অসাংবিধানিক। প্রেসিডেন্ট রাজাপাকসে সোমবার একদল আইনজীবীকে বলেন, অভিসংশন প্রক্রিয়া বর্তমান সংবিধান অনুযায়ী নিয়ম-নীতি মেনে করা হয়েছে। তিনি বলেন, হতে পারে আমাদের সংবিধানে কিছু ভুল-ভ্রান্তি আছে। তবে এটাও ঠিক যে পৃথিবীর এমন কোন সংবিধান নেই যা পুরোপুরি শুদ্ধ। স্থানীয় সংস্থা দ্য সেন্টার ফর পলিসি অলটারনেটিভস (সিপিএ) নতুন প্রধান বিচারপতির এই নিয়োগকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার একটি পিটিশন দায়ের করেছে। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতর সোমবার সতর্ক করে বলেছে, প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েককে সরানোয় তা দেশটির বৈদেশিক বিনিয়োগে প্রভাব ফেলবে।