জাপানের নতুন প্রধানমন্ত্রী শিনঝো আবে তার দায়িত্ব গ্রহণের পর এই প্রথম দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশে সফরে যাচ্ছেন। দেশগুলো হচ্ছে ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া। সফরের উদ্দেশ্য হিসাবে ধরা হচ্ছে এসব দেশের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। পাশাপাশি চীনের সঙ্গে তাদের যে ভূখন্ডগত বিরোধ রয়েছে তা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। শিনঝো আবে প্রথম সফর করবেন ভিয়েতনামে। এখানে পূর্ব চীন সাগরের দ্বীপপুঞ্জ নিয়ে চীন-জাপান যে বিরোধ চলছে তা নিয়ে আলোচিত হবে। কিয়োদো নিউজ এজেন্সি জাপানের প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেছে, আবে চান, আসিয়ান দেশসমূহের সঙ্গে একটা শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে জাপানের অর্থনীতিকে আরো প্রসারিত করতে। জাপানের নতুন অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো সফর করেছেন।
বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে আবে বলেন, জাপান মনে করে অর্থনৈতিকভাবে তারা চীনের ওপর নির্ভরশীল হয়ে গেছে। তাই এই নির্ভরশীলতা কমিয়ে চীনে তাদের ব্যবসা-বাণিজ্য গুটিয়ে অপেক্ষাকৃত দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে নজর দিতে হবে। এ লক্ষ্যে এসব দেশসমূহকে তাদের ব্যবসা-বাণিজ্যের বিকল্প হিসাবে গুরুত্ব দেয়া হচ্ছে।
