ধর্মঘটে নিউইয়র্কের স্কুলবাস চালকরা
নিউইয়র্কে বাস চালকরা বুধবার ধর্মঘট শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নগর কর্তৃপক্ষ প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীদের জন্য কম খরচে স্কুলবাস পরিচালনায় নতুন চুক্তির পরিকল্পনা করার পর চালকরা আন্দোলনে যান। নিউইয়র্কে স্কুলে শিক্ষার্থীদের আনা-নেয়ার জন্য ঠিকাদার নিয়োগ করে নগর কর্তৃপক্ষ। ওই ঠিকাদার প্রতিষ্ঠানই স্কুলবাস পরিচালনা করে। পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা ল্যারি হ্যানলি বলেন, ঘটনা যা ঘটছে, তা হলো যেসব মানুষ বছরে ৪০ হাজার ডলারের কম আয় করেন, তাদের বেতন আরো কমাতে চাইছেন মেয়র। তবে নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলছেন, খরচ কমানোর দিকে এগোনো ছাড়া নগর কর্তৃপক্ষের সামনে কোনো বিকল্প নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ইরাকে হামলায় ৩৭ জন নিহত
ইরাকে বুধবার পৃথক হামলায় ৩৭ ব্যক্তি নিহত হয়েছে। কিরকুকে কুর্দিস্তান ডেমক্রেটিক পার্টির স্থানীয় দপ্তরের কাছে একটি আত্মঘাতী ট্রাকবোমা হামলা চালানো হলে ১২ জনেরও বেশি মানুষ নিহত হয়। স্থানীয় দোকানিরা ও পুলিশ ওই বিস্ফোরণে আহতদের ধ্বংসস্তূপ থেকে বের হতে সহায়তা করে। কিরকুকের স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং পুলিশ জানিয়েছে, অন্ততপক্ষে ২৫জন নিহত ও ১৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। পাশাপাশি, তুজ খুরমাতোয় অপর এক বোমা হামলায় অন্ততপক্ষে পাঁচজন নিহত ও ৩৭ জনেরও বেশি আহত হয়েছে। এলাকাটি বাগদাদের ১০৫ মাইল উত্তরে অবস্থিত। এদিকে, রাস্তার পাশে পেতে রাখা বোমা ও গুলিতে বাগদাদ এবং বাইজিতে ৭ পুলিশ ও সেনা নিহত হয়েছে। রয়টার্স
বিশ্বের উষ্ণতম বছর
১৮৮০ সালের পর থেকে এ পর্যন্ত করা তালিকায় ২০১২ সাল বিশ্বের নবম উষ্ণতম বছর বলে জানিয়েছে নাসা। ২০১২ সালে পানি ও স্থলভাগসহ পৃথিবীর পৃষ্ঠদেশের তাপমাত্রা ছিল ৫৬ ডিগ্রি সেলসিয়াস। নিউইয়র্কে নাসার গোদার্দ ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের পরিচালক জেমস হ্যানসেন বলেন, এটি ছিল ১৯৫১ থেকে ১৯৮০ সাল পর্যন্ত পৃথিবীর গড় তাপমাত্রা থেকে ১ ডিগ্রি বেশি। রয়টার্স
ট্রেন চুরি করল তরুণী
ছোট-খাটো চুরির কথা রোজই শোনা যায়। কিন্তু এ এক আস্ত ট্রেন চুরি। সুইডেনের এক ট্রেন ডিপো থেকে মঙ্গলবার ভোরে ফাঁকা একটা যাত্রীবাহী ট্রেন চুরি করেন এক নারী। দেড় কিলোমিটার গিয়েই অবশ্য লাইনচ্যুত হয়ে যায় চার কামরার ট্রেনটি। পুলিশ সূত্র জানা গিয়েছে, ওই নারী ট্রেনে সাফাইয়ের কাজ করতেন। তবে কেন তিনি ট্রেনটি চুরি করেছিলেন, তা স্পষ্ট নয়। আনন্দবাজার পত্রিকা
