‘মুক্ত প্রকাশ, মুক্ত বিকাশ’ স্লোগান নিয়ে বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার শুরু হয়েছে ষষ্ঠ জাতীয় দেয়াল পত্রিকা উত্সব ও প্রতিযোগিতা। বাংলা একাডেমী প্রাঙ্গণে এর উদ্বোধন করেন কথাশিল্পী সেলিনা হোসেন। উদ্বোধনী দিনে শত শত শিশু-কিশোরের কোলাহলে মুখর হয়ে উঠেছিল একাডেমীর সবুজ চত্বর। তিন দিনের এ উত্সবে ৭০টি স্কুল-কলেজসহ শতাধিক প্রতিষ্ঠানের দুই শতাধিক দেয়াল পত্রিকা স্থান পেয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও সাতটি সাধারণ স্থানসহ মোট ১০টি পত্রিকাকে পুরস্কারের জন্য নির্বাচন করা হবে। প্রথম স্থান বিজয়ী ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান বিজয়ী ১০ হাজার টাকা ও তৃতীয় স্থান বিজয়ী ৫ হাজার টাকাসহ ক্রেস্ট পাবে। আজ শুক্রবার সমাপনী দিনে বেলা সাড়ে ১১টায় দেয়াল পত্রিকা প্রতিযোগিতার বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
বাংলাদেশ দেয়াল পত্রিকা পরিষদের সভাপতি ইমেরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন ড. হামিদা হোসেন, সাংবাদিক শাহীন রেজা নূর প্রমুখ। তিন দিনের এ উত্সবের দ্বিতীয় দিনে গতকাল সকালে প্রদর্শনী ছাড়াও কবি, সাহিত্যিক ও শিল্পীদের সঙ্গে দেয়াল পত্রিকার সম্পাদকদের মুক্ত আলোচনার আয়োজন করা হয়।
ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে ‘বিউটিফুল বাংলাদেশ বিউটিফুল চায়না’ শীর্ষক প্রদর্শনী। বাংলাদেশ-চীন মৈত্রী কেন্দ্রের আয়োজনে এ প্রদর্শনী চলবে আজ শুক্রবার পর্যন্ত। বাংলাদেশের তরুণ শিল্পীরা প্রথমে বাংলাদেশে একটি চিত্র প্রতিযোগিতায় অংশ নেন। এ প্রতিযোগিতা থেকে ছয় জন শিল্পী চীন সরকারের আতিথেয়তায় চীন সফর করেন। সেখানে তারা একটি আর্ট ক্যাম্পে অংশ নেন। তাদের আঁকা সেইসব ছবি নিয়ে বুধবার থেকে শুরু হয়েছে এ প্রদর্শনী। দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদার করতেই এ উদ্যোগ। প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হলেন এম এ তাহের, জাফর জায়েদী, জাহাঙ্গীর আলম রানা, নিয়াজ আহমেদ, এম আশিকুর রহমান ও রাসেল রহমান।
উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান : যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রত সম্পন্ন , শাস্তি নিশ্চিত এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে উদীচী শিল্পীগোষ্ঠী ঘোষিত ‘প্রতিবাদ সপ্তাহ’-এর অংশ হিসেবে উদীচী ঢাকা মহানগর সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্বোপার্জিত স্বাধীনতা’ চত্বরে আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক মতলুব আলী, অধ্যাপক বদিউর রহমান, ড. রতন সিদ্দিকী, অমিত রঞ্জন দে, উযমা তাজরিয়ান, মামুনুর রশিদ, সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান, আজিজুল মালেক প্রমুখ। গণসঙ্গীত পরিবেশন করেন সিদ্দিক মোল্লা, নীহার রঞ্জন হাওলাদার।
