ফ্রান্স থেকে ১৮৯টি জঙ্গি বিমান কিনবে ভারত

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২০:১২
ফ্রান্স থেকে ১৮৯টি রাফায়েল জঙ্গিবিমান কিনতে পারে ভারত। মালিতে জঙ্গিদের দমনে এই জঙ্গি বিমানগুলোই ব্যবহার করছে ফ্রান্স। কয়েকশ কোটি ডলারের এ চুক্তির সঙ্গে জড়িত কয়েকটি সূত্র এ খবর নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। গত সপ্তাহে প্যারিস সফরের সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ সরবরাহের আদেশ দেয়া আগের ১২৬টি বিমানের সঙ্গে আরো ৬৩টি বিমান যোগ করেছেন বলে সূত্রগুলো জানিয়েছে। অতিরিক্ত এই ৬৩টি বিমানের জন্য পৃথক আর একটি চুক্তি সই করতে হবে বলে জানিয়েছে একটি সূত্র। ১২৬টি রাফায়েল জঙ্গিবিমানের মূল্য ১২ বিলিয়ন ডলার হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদপত্রগুলো। অতিরিক্ত বিমানগুলোসহ মোট মূল্য দাঁড়াবে প্রায় ১৮ বিলিয়ন ডলার। অর্থের এ অংকটি ফরাসি প্রতিরক্ষা শিল্পে ব্যাপক অনুকূল প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।