ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বন্যা ও বন্যা সংক্রান্ত নানা দুর্ঘটনায় ১১ জন মারা গেছে। ১৮ হাজারেরও অধিক লোক অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা শুক্রবার এ কথা জানিয়েছে।
সংস্থার একজন মুখপাত্র জানান, ১৫ জানুয়ারি জাকার্তায় বন্যা দেখা দেয়ার পর এখনও তা অব্যাহত আছে। এতে ১১জন মারা গেছে। এদের মধ্যে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছে ৫ জন।
মুখপাত্র আরো জানান, নগরীর ৮ শতাংশ এলাকা পানির নীচে তলিয়ে রয়েছে। পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন। তবে জরুরি অবস্থা বহাল রয়েছে। এদিকে বন্যার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। নগরীর অধিকাংশ বাড়িঘর বিদ্যুিবহীন অবস্থায় রয়েছে।
