১৩ বছরের মধ্যে সর্বনিম্নে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২০:২৭
চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বিগত ১৩ বছরের তুলনায় নিচে নেমে গেছে। অভ্যন্তরীণ এবং বিশ্ববাজারে তাদের পণ্যের চাহিদা কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর বিবিসি ও সিনহুয়ার। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০১২ সালে দেশটির জিডিপি (মোট দেশজ উত্পাদন) দাঁড়ায় শতকরা ৭ দশমিক ৮ ভাগ । এর একবছর আগে অর্থাত্ ২০১১ সালে এই জিডিপি ছিল শতকরা ৯ দশমিক ৩ ভাগ। এক বছরের ব্যবধানে দেশটিতে জিডিপি কমেছে শতকরা ১ দশমিক ৫ ভাগ। ২০১০ সালে এ হার ছিল ১০ দশমিক ৪ ভাগ। গত বছরের প্রবৃদ্ধির এ হার ১৯৯৯ সাল থেকে নিম্নমুখী। অবশ্য সরকার এ অবস্থা থেকে বের হয়ে আসতে আরো প্রবৃদ্ধি অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ বিশ্বের মধ্যে অর্থনৈতিক দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা এই দেশটি এখন বিশ্ববাজার পুরোপুরি তাদের দখলে রাখতে চাইছে। সেসঙ্গে তারা তাদের নিজেদের জীবনযাত্রার মানও উন্নয়ন করার চেষ্টা চালাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, ২০১২ সালের শেষ তিনমাসে প্রবৃদ্ধি কিছুটা বেড়েছে। তখন প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৪ ভাগ থেকে ৭ দশমিক ৮ ভাগে উন্নীত হয়। তবে তারা সতর্ক করে দিয়েছেন যে, এ অবস্থা চলতে থাকলে ২০১৩ সালে চীনের অর্থনৈতিক পরিস্থিতি আরো মন্থর হয়ে উঠবে, যা প্রতিযোগিতার বাজারে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে টিকে থাকতে কষ্টসাধ্য হবে। অবশ্য রাজিব বিশ্বাস নামে এক অর্থনৈতিক বিশ্লেষক বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে আশার বাণী শুনিয়ে বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কমে আসলেও চীন বিশ্ববাজারে তার প্রভাব অক্ষুণ্ন রাখবে। তিনি বলেন, চীনে নিম্ন আয়ের মানুষেরা এখন শক্তিশালী মধ্যবিত্ত আয়ের মানুষে পরিণত হচ্ছেন।