সংবাদ কণিকা

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২০:২৮
দীর্ঘ কারাদণ্ড তাহাউর রানার মুম্বাই-জঙ্গি হামলায় মদদ জোগানোর দায়ে ৩০ বছরের জেল হয়েছে তাহাউর রানার। বৃহস্পতিবার এই শাস্তি ঘোষণা করে মার্কিন এক আদালত। ২০০৯ সালে ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার হয় রানা। জানা যায়, ডেভিড হেডলির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার, লস্কর-ই-তৈয়্যবাকে সার্বিক সাহায্য করেছিল সে। ওইদিন বিচার ঘোষণার সময় রানার আইনজীবী জানান, ২০১২ সালে হূদরোগে আক্রান্ত হয় তার মক্কেল। তাই তার অনুরোধ শাস্তি ঘোষণার আগে রানার শারীরিক অবস্থার কথা যেন ভেবে দেখেন বিচারক। তিনি এই দাবিও করেন যাতে রানাকে ৯ বছরের বেশি কারাদণ্ড না দেয়া হয়। কিন্তু শেষমেষ আদালতের বিচারে রানার আইনজীবীর আর্জির কোন প্রতিফলন হয়নি।-রয়টার্স দক্ষিণ কোরিয়ায় আগুনে ৩ জেলে নিহত চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছে শুক্রবার দক্ষিণ কোরিয়ার এক জেলে নৌকায় আগুন লাগার ঘটনায় ৩ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে ৫ জন। জাপানের উপকূলরক্ষীদের এক মুখপাত্র জানান, পূর্ব চীন সাগরের উতসুরি দ্বীপের কাছে দক্ষিণ কোরিয়ার মাছ ধরা নৌকায় আগুন লাগার খবর সে দেশের কর্মকর্তারাই তাদের অবহিত করেন। এতে ৩ জনের মৃত্যু ও ৫ জন নিখোঁজ থাকার কথা বলা হয়।-এএফপি সাড়ে পাঁচ কেজি স্বর্ণপিণ্ড সাড়ে পাঁচ কেজি ওজনের একটি স্বর্ণপিণ্ড খুঁজে পেয়েছেন এক সৌখিন খনিজ অনুসন্ধানকারী। আর এ কাজের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার খনিজ বিশেষজ্ঞদের তাক লাগিয়ে দিয়েছেন। বুধবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ঐ স্বর্ণপিণ্ড খুঁজে পাওয়া ব্যক্তি তার নিজের পরিচয় গোপন রেখেছেন। ভিক্টোরিয়ার ব্যালারাত শহরের কাছাকাছি স্থানে একটি হস্তচালিত মেটাল ডিটেক্টরের সাহায্যে স্বর্ণপিণ্ডটির অবস্থান শনাক্ত করেন তিনি। এরপর মাটির ৬০ সেন্টিমিটার গভীর থেকে সেটি তুলে আনেন তিনি। স্বর্ণপিণ্ডটির দাম কমপক্ষে তিন লাখ ১৫ হাজার মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় স্বর্ণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, কয়েক দশক ধরেই এলাকায় সোনা পাওয়ার সম্ভাবনার আভাস পাওয়া গেলেও এই ধরনের সোনার পিণ্ড আবিষ্কারের এটাই প্রথম ঘটনা।-রয়টার্স