ঢাকায় বাংলা উইকিপিডিয়ার কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ১৯:৫৭
ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার (www.wikipedia.org) একযুগ পূর্তি উপলক্ষে বাংলা উইকিপিডিয়ার (bn.wikipedia.org) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং উইকিমিডিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে সম্প্রতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত কর্মশালায় বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘সবার একটু একটু অংশগ্রহণের মাধ্যমে সমৃদ্ধ হতে পারে বাংলা উইকিপিডিয়া এবং এ দায়িত্ব আমাদেরই।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. এএসএম জামাল উদ্দিন, গণিত অলিম্পিয়াডের কেন্দ্রীয় সার্কেল মুভার্স কাব্য আহমেদ, বিডিওএসএনের অনুষ্ঠান সমন্বয়ক প্রমি নাহিদ, আউটবাউন্ড ঢাকা সমন্বয়ক পার্থ সারথি কর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি হাসান মাহমুদসহ প্রযুক্তিপ্রেমীরা। এই কর্মশালা পরিচালনা করেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাসির খান সৈকত ও বিডিওএসএনের কোষাধ্যক্ষ ও সক্রিয় উইকিপিডিয়ান নুরুন্নবী চৌধুরী হাছিব। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। বাংলা উইকিপিডিয়ার বর্তমান অবস্থা, নিবন্ধ যোগ করার পদ্ধতি, ছবি যোগ করাসহ উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার বিভিন্ন পদ্ধতি নিয়ে এই কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়।