‘মেগা আপলোডে’র পরিবর্তে শুধুই ‘মেগা’

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ১৯:০৯
ফাইল শেয়ারিংয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম মেগা আপলোড নিয়ে একরকম প্রযুক্তি বিশ্বের এক তারকা বনে গিয়েছেন কিম ডটকম। অবৈধ ফাইল শেয়ারের অভিযোগে মেগা আপলোডকে অবৈধ ঘোষণা করা হয় গত বছরের জানুয়ারিতে। এক বছর হলো সাইটটি বন্ধ থাকলেও মেগা আপলোড আর কিম ডটকমকে নিয়ে আলোচনার কোনো কমতি ছিল না এই এক বছরে। এর মধ্যে একাধিকবার কিম ঘোষণা দিয়েছেন মেগা আপলোডের বিকল্প ওয়েবসাইট তৈরির। তবে এখনও পর্যন্ত তা বাস্তবে পরিণত করতে পারেন নি তিনি। এবারে অবশ্য তা বাস্তবে পরিণত করতে সক্ষম হয়েছেন কিম। মেগা আপলোডের বিকল্প ফাইল শেয়ারিং সাইট হিসেবে এবারে কিমের নতুন সাইটের নাম শুধুই ‘মেগা’। গতকাল নতুন এই সাইট চালু করেন কিম ডটকম। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই এই সাইট চালু করেছেন কিম। তবে খুব দ্রুতই এ উপলক্ষে একটি বিশাল পার্টি দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন তিনি। আর নতুন এই সাইট সম্পর্কে কিম জানিয়েছেন, নতুন সাইটটি সব ধরনের আইনের সাথে সঙ্গতিপূর্ণ এবং এটি কেউ বন্ধ করে দিতে চাইলে তা নিরর্থক হবে। কিমের ভাষায়, ‘আমাদের নতুন এই সাইট যুক্তরাষ্ট্র, হলিউড বা আর কারও জন্যই কোনো হুমকি নিয়ে আসছে না। ড্রপবক্স, বক্সনেট এবং এই ধরনের আর দশটা সাইটের মতোই আমাদের সাইটটিও সব ধরনের নিয়ম-নীতি মেনেই তৈরি করা হয়েছে। কাজেই এখানে এমন কিছু কেউ খুঁজে পাবে না, যাতে করে এর বিরুদ্ধে নামা যায়।’ সাইটটি যাত্রা শুরুর সাথে সাথেই সাড়া ফেলতে সক্ষম হয়েছে বলেও দাবী করেছেন কিম। টুইটারে এক টুইটে কিম জানান, যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই এতে যুক্ত হয়েছে আড়াই লক্ষাধিক ব্যবহারকারী। তবে এখনও পর্যন্ত সীমিত আকারে সেবা প্রদানে উপযোগী এই ‘মেগা’ (https://mega.co.nz) সাইট। পূর্ণরূপে যাত্রা শুরু করলে তখন সকলেই এটি ব্যবহারের সুযোগ পাবে বলে জানান তিনি। কিম আরও জানান, মেগাতে থাকবে ৫০ গিগাবাইট অনলাইন স্টোরেজ বিনামূল্যে ব্যবহারের সুযোগ, যা একই ধরনের সেবাগুলোর তুলনায় অনেক বেশি। আর এখানে তথ্যগুলো এনক্রিপ্টেড থাকবে এবং যারা ফাইল আপলোড করবে, তারাই এখান থেকে ফাইল ডাউনলোডের সুযোগ পাবে। ক্লাউডে ফাইল সংরক্ষণের ফলে এখান থেকে তথ্য শেয়ার করাও হবে সুবিধাজনক। মেগা জনপ্রিয়তার দিক থেকে সবাইকে ছাপিয়ে যাবে বলেই আশাবাদী কিম।