জিম্মি হত্যার জন্য সন্ত্রাসীরা দায়ী - বারাক ওবামা

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২০:৪৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আলজেরিয়ায় নৃশংসভাবে জিম্মিদের হত্যার জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছেন। কমপক্ষে ২৩ জিম্মি এবং ৩২ জঙ্গি নিহত হওয়ার মধ্য দিয়ে আলজেরিয়ার গ্যাসক্ষেত্রে জিম্মি উদ্ধার অভিযানের রক্তাক্ত সমাপ্তি হয়েছে গত শনিবার। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এই নৃশংসতার পেছনে রয়েছে ‘সন্ত্রাসীরা’। তিনি আরো বলেছেন, এই অঞ্চলে আমাদের সকল সহযোগীকে ঘনিষ্ঠভাবে সাথে নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের কাজ অব্যাহত থাকবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেটা বিবিসিকে বলেছেন, আল কায়েদা যেখানেই লুকানোর চেষ্টা করুক, যুক্তরাষ্ট্র সেখানেই যাবে। এছাড়া, আলজেরিয়ায় জিম্মি হত্যার এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওঁলাদ বলেছেন, আলজেরিয়ার ভূমিকা ছিল যথাযথ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সন্ত্রাসীদের বিরুদ্ধে একযোগে কাজ করার প্রত্যয় ঘোষণা করেন। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার জঙ্গিদের বিরুদ্ধে শনিবার সেনাবাহিনীর চূড়ান্ত অভিযানের দিন সাত জিম্মি এবং ১১ অপহরণকারী নিহত হয়েছে। আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব মিলিয়ে ১শ’ ৭ জন বিদেশি ও ৬শ’ ৮৫ জন আলজেরীয় জিম্মিকে উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে মোট কতজন নিহত হয়েছে সে বিষয়ে এখনো কিছু অস্পষ্টতা রয়েছে। শনিবার সকালে গ্যাসক্ষেত্রটিতে অভিযানরত আলজেরিয়ার বিশেষ বাহিনী ১৫টি অগ্নিদগ্ধ লাশ খুঁজে পায়, যাদের পরিচয় শনাক্ত করা যায়নি। আলজেরিয়ার নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, নিহত জিম্মিদের মধ্যে ১৫ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে আট জন আলজেরীয় ও সাতজন বিদেশি। নিহত সাত বিদেশির মধ্যে দুইজন জাপানি, দুইজন ব্রিটিশ ও দুইজন ফরাসি । এ ঘটনায় যুক্তরাষ্ট্রের এক নাগরিকও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড। এর আগে জঙ্গিরা শ্রমিকদের বহনকারী বাসটি দখল নেওয়ার সময় যুক্তরাজ্যের এক নাগরিককে হত্যা করেছিল। সেনা অভিযানে মোট ৩২ জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে তাদের নেতা আব্দুল রহমান আল-নাইজেরিও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নাইজেরিয়ার নাগরিক আব্দুল রহমান আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গি নেতা মোখতার বেলমোখতারের ঘনিষ্ঠ সহযোগী।