অ্যাপল ফেসবুকের সমালোচনায় গুগলের প্রধান নির্বাহী

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২০:৪৬
]প্রযুক্তিবিষয়ক প্রকাশনা উইয়ার্ড ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাত্কারে ল্যারি পেইজ বলেছেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এবং অ্যাপলের সীমিত সেবার ফলে আগ্রহীরা পছন্দের সব সেবা পাচ্ছেন না। অপরদিকে তিনি বলেছেন, অ্যাপল তাদের পণ্যের আওতা সন্তোষজনকভাবে বাড়ায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাক্ষাত্কারে ল্যারি পেইজ আরো বলেছেন, ক্ষেত্রবিশেষে আইন ভাঙ্গতেও তার আপত্তি নেই ‘যদি তা থেকে কোনো ভালো পণ্য পাওয়া সম্ভব হয়’। অ্যাপলের সাবেক সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সম্পর্কে বলেছিলেন, অ্যান্ড্রয়েডে আদতে আইফোন অপারেটিং সিস্টেমের অনেক ফিচার বেআইনীভাবে ব্যবহার করা হয়েছে। গতবছর এই ইস্যুতেই অ্যান্ড্রয়েডচালিত গ্যালাক্সি স্মার্টফোনে আইফোনের বিভিন্ন ফিচার অপব্যবহার প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রে এক পেটেন্ট মামলায় স্যামসাংয়ের বিরুদ্ধে শত কোটি ডলার জরিমানার রায় হয়েছে। অপরদিকে গুগলের সোশ্যাল নেটওয়ার্কে ফেসবুকের কিছু ফিচার ব্যবহারের কথা জানিয়েছে বিভিন্ন অনলাইন পোর্টাল। ফেইসবুক সম্পর্কে ল্যারি পেইজ বলেন, ফেসবুক শক্তিশালী অবস্থানে আছে, ‘তবে আমাদের সাইটটি ফেসবুকের চেয়ে ভিন্ন।’ গুগল জানিয়েছে তাদের ৫০ কোটি তালিকাভুক্ত ব্যবহারকারী রয়েছে। অন্যদিকে ফেসবুকে রয়েছে ১০০ কোটি ব্যবহারকারী। এছাড়া প্রতিদিন ১২ কোটি ৫০ লাখ মানুষ গুগলের সেবা গ্রহণ করছে বলে তিনি জানান। পেইজ বলেন, বিশ্বে বর্তমানে ৭০% স্মার্টফোন গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে।