পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের বিরুদ্ধে দুর্নীতির মামলার একজন তদন্তকারী কর্মকর্তা নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে তার পরিবার। গত শুক্রবার সরকারি হোস্টেলের একটি কামরা থেকে তদন্ত কর্মকর্তা কামরান ফয়সালের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ময়না তদন্তে প্রতীয়মান হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু তার পরিবার দাবি করেছে কামরান ফয়সালের দেহে ক্ষত দেখা গেছে। এ-ঘটনায় নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে তার পিতা। পুলিশ জানিয়েছে তারা তদন্তের সময় সকল দিক বিবেচনায় রাখছে।
২০১০ সালে মন্ত্রী থাকাবস্থায় রেন্টাল পাওয়ার প্লান্টগুলো থেকে ঘুষ নিয়েছেন এমন অভিযোগে দায়ের করা মামলায় গত বুধবার প্রধানমন্ত্রী রাজা পারভেজকে গ্রেপ্তারের নির্দেশ দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
